বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অধিকার নিশ্চিত করতে এবং তাদের সমাজের মূল স্রোতে যুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী ধাপে ধাপে ৬৪টি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
রাজধানীর ইস্কাটন এলাকায় কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।
একটি সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন সমাজকল্যাণ মন্ত্রী। তিনি জানান, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আর্থিকসহ অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) বা অন্যান্য শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা থাকা ব্যক্তিসহ সমাজের সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।
বিশেষ চাহিদাসম্পন্নদের কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে তাদের প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর জন্য দাপ্তরিক কাজ চলমান রয়েছে। একইসঙ্গে বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও এ ধরনের দক্ষ ব্যক্তিদের চাকরিতে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি। কেবল আনুষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এসব মানুষের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এছাড়া যেসব অভিভাবক তাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের সার্বক্ষণিক দেখাশোনা করতে গিয়ে নিজেদের জন্য কোনো পেশা বেছে নিতে পারেন না, তাদের স্বাবলম্বী করতে বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক প্রণোদনা ও কাজের সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দেন তিনি।
বিশেষায়িত শিক্ষাদানের জন্য দেশে পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষকের অভাবের বিষয়টি স্বীকার করে ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমানে এ ধরনের প্রশিক্ষণের জন্য দেশে মাত্র একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। তবে এই সংকট কাটাতে খুব শিগগিরই বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি শারীরিক সীমাবদ্ধতা থাকা ব্যক্তিদের ব্যবহার্য সহায়ক সরঞ্জাম প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠানটিকে আরও যুগোপযোগী করার কথা তিনি জানান। আন্তর্জাতিক প্যারালিম্পিক গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা যাতে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন, সে লক্ষ্যে সাভারে একটি অত্যাধুনিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।
উক্ত অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে আসা তিন শতাধিক পরিচর্যাকারী বা কেয়ারার উপস্থিত ছিলেন। তারা তাদের দৈনন্দিন জীবনের নানা সংগ্রাম ও অভিজ্ঞতা তুলে ধরে একটি সমন্বিত জাতীয় কেয়ারার কাঠামো প্রণয়নের জোরালো দাবি জানান। কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের সভাপতি মাহবুবুল মুনিরের সভাপতিত্বে আয়োজিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। এছাড়া সম্মানসূচক অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও অংশ নেয়।