সৌদি আরবের চারটি সুনির্দিষ্ট অঞ্চলে তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে একটি রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি বা এনসিএম।
রবিবার এই সতর্কবার্তা দিয়ে সংস্থাটি জানিয়েছে, ব্যাপক বজ্রপাতের পাশাপাশি ভারি বর্ষণের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তরের দেওয়া এই সতর্কতার আওতাভুক্ত এলাকাগুলো হলো জাজান, আসির, আল-বাহা এবং পবিত্র মক্কা নগরীর বেশ কিছু অংশ। এসব অঞ্চলে মাঝারি থেকে তীব্র মাত্রার বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৈরী আবহাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টি এবং তীব্র বেগে বয়ে যাওয়া দমকা হাওয়ার কারণে মারাত্মক ধূলিঝড় সৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এনসিএমের সর্বশেষ তথ্যমতে, আবহাওয়ার এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে উল্লেখিত চার অঞ্চলের বিভিন্ন অংশে হঠাৎ বন্যা দেখা দেওয়ার ঝুঁকি চরম আকার ধারণ করেছে।
বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাসের পাশাপাশি মক্কা, জাজান, আসির ও আল-বাহার কিছু এলাকা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় অংশগুলোতে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। এর ফলে এসব অঞ্চলে দৃষ্টিসীমা ব্যাপকভাবে হ্রাস পেতে পারে বলে চালক ও সাধারণ নাগরিকদের প্রতি সতর্কতা দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের বেশ কয়েকটি প্রধান শহরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হতে পারে। এছাড়া পবিত্র মক্কায় ৩৯ ডিগ্রি, রাজধানী রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি, মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছাতে পারে। অন্যান্য শহরের মধ্যে হেইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে আবহাওয়া তুলনামূলকভাবে বেশ শীতল থাকবে। ওই অঞ্চলের আভা ও আল-বাহার তাপমাত্রা যথাক্রমে ২৫ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করতে পারে।
বাতাসে আর্দ্রতার পরিমাণের বিষয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে আবহাওয়া দপ্তরের বরাতে বলা হয়েছে, পাহাড়ি শহর আভা, আল-বাহা এবং জাজানে আর্দ্রতার হার সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। এছাড়া জেদ্দা ও দাম্মামে আর্দ্রতা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চলের মধ্যে তাবুক, আরার এবং সাকাকায় ৭০ শতাংশ, মদিনা ও হেইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে সবচেয়ে কম অর্থাৎ ৩০ শতাংশ আর্দ্রতা থাকতে পারে।