সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্স দাপুটে জয়ে সিলেট পর্বের সমাপ্তি টেনেছে। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দেয়নি তারা। এই জয়ের ফলে চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত হয়েছে রাজশাহীর। একইসঙ্গে পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সেরও শেষ চারে জায়গা পাকা হয়ে গেছে।

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী
ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্স দাপুটে জয়ে সিলেট পর্বের সমাপ্তি টেনেছে। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দেয়নি তারা। এই জয়ের ফলে চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত হয়েছে রাজশাহীর। একইসঙ্গে পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সেরও শেষ চারে জায়গা পাকা হয়ে গেছে।

২৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ৬ জয় আর ২ হারে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। রানরেটে এগিয়ে থাকায় চট্টগ্রাম (+০.৮৯৮) দুইয়ে এবং সিলেট (+০.৪৪৯) তিনে অবস্থান করছে। ৮ পয়েন্ট নিয়ে চারে থাকা রংপুর রাইডার্স এখনো লড়াইয়ে টিকে থাকলেও তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের জন্য সমীকরণ কঠিন হয়ে পড়েছে।

সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকার দেওয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ ওয়াসিম মাত্র ৪.১ ওভারে স্কোরবোর্ডে ৩৮ রান যোগ করেন। ১৩ বলে ২২ রান করে ওয়াসিম আউট হলেও এবং অধিনায়ক শান্ত (৫) দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান তানজিদ তামিম। ৪৩ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ও জিমি নিশামের অবিচ্ছেদ্য জুটিতে ২৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় রাজশাহী। ম্যাচসেরার পুরস্কার জেতেন তানজিদ তামিম।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে রাজশাহীর বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার উসমান খান। রাজশাহীর পক্ষে বল হাতে মাত্র ২৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আবদুল গাফফার সাকলাইন। এছাড়া রিপন মন্ডল ৩টি, মোহাম্মদ রুবেল ২টি ও বিনুরা ফার্নান্দো ১টি উইকেট নেন।

আগামী বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।