মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

মিমি চক্রবর্তীর হেনস্থার ঘটনায় গ্রেফতার ৩

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর হেনস্থার অভিযোগ সংক্রান্ত মামলায় তনয় শাস্ত্রীসহ তিনজনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মিমি চক্রবর্তীর হেনস্থার ঘটনায় গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর হেনস্থার অভিযোগ সংক্রান্ত মামলায় তনয় শাস্ত্রীসহ তিনজনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ জানুয়ারি) বনগাঁ আদালতে পেশ করা হলে বিচারক মোহম্মদ তারিক ফেরদৌস এই নির্দেশ দেন। জানা গেছে, ৩ ফেব্রুয়ারি পুনরায় তাদের আদালতে হাজির করা হবে।

বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তনয় শাস্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার জানিয়েছেন, শুক্রবার দুপুরে অভিযুক্তদের আদালতে তোলা হয় এবং বিকাল সাড়ে ৩টার দিকে বিচারকের সামনে পেশ করা হয়।

শুনানির সময় বনগাঁ থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে, আদালত তা প্রত্যাখ্যান করে নির্দেশ দেন, নির্ধারিত তারিখে পুনরায় পেশ করা পর্যন্ত অভিযুক্তরা সংশোধনাগারে থাকবে।

ঘটনার সূত্রপাত গত রোববার। ওই দিন বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় একটি মঞ্চানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। অভিনেত্রীর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাকে অভদ্রভাবে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়। পরে তিনি ই-মেলের মাধ্যমে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মিমির অভিযোগের তদন্তে তনয়ের বাড়িতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তবে মিমির দায়ের করা অভিযোগের তদন্তও চলছে।

ঘটনার শুরু থেকে তনয় শাস্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন। এক সংবাদমাধ্যমকে তিনি দাবি করেছেন, অনুষ্ঠানে মিমি দেরিতে পৌঁছেছিলেন এবং নির্ধারিত সময়মতো অনুষ্ঠান শেষ করার জন্য মঞ্চ খালি করতে বলা হয়েছিল, কোনো খারাপ ব্যবহার হয়নি।

তদন্ত চলায় পুলিশ এখনই চূড়ান্ত কিছু জানাচ্ছেন না। আগামী শুনানির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।