ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে পুরোদমে। শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।
আজকের শুনানিতে ৫১১ নম্বর থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। আগামীকাল ১৮ জানুয়ারি আপিল শুনানির শেষ দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এর আগে শুক্রবার সপ্তম দিনের শুনানিতে কমিশনে উপস্থাপিত ৪৩টি আপিল আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আবেদন মঞ্জুর করা হয় এবং ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল আবেদন খারিজ করা হয়েছে। এ ছাড়া ৪টি আপিল আবেদন শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।