২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পি.এম

এপ্রিল থেকে সিলিন্ডার প্রতি ৩৮৭ টাকা বাড়ছে এলপিজি দাম

এপ্রিল থেকে সিলিন্ডার প্রতি ৩৮৭ টাকা বাড়ছে এলপিজি দাম

নতুন মাসের শুরুতেই ভোক্তাদের জন্য বাড়তি চাপ—তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে এখন আগের তুলনায় উল্লেখযোগ্য বেশি অর্থ গুনতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় সংস্থাটির কার্যালয়ে নতুন মূল্য ঘোষণা করেন চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এই দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হয়েছে।

সংশোধিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে এপ্রিল মাসে।

একই সঙ্গে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। নতুন দরে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২২ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা।

এদিকে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।