বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় এবার সরাসরি জনজীবনে নতুন বিধিনিষেধ জারি করেছে সরকার। বিয়ে বা যেকোনো উৎসবমুখর আয়োজনেও আলোকসজ্জা না করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে রাত পৌনে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এবং শেষ হয় রাত প্রায় পৌনে ১২টায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি সাশ্রয়ের জন্য এখন থেকে কোন উৎসব কিংবা বিবাহ উপলক্ষে আলোকসজ্জা করা যাবে না। দোকানপাট, শপিং মল, সকল ধরনের মার্কেট ছয়টার সময় বন্ধ থাকবে। তবে খাবারের দোকান, ওষুধের দোকান এবং জরুরি পরিষেবার দোকান- যেগুলো সব সময় খোলা থাকে, সেসব খোলা থাকবে।’
জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমাদের ৮০ শতাংশ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, অন্যান্য জায়গাও আছে। এখন অন্যান্য জায়গা থেকে আসা শুরু করবে। মালয়েশিয়া থেকে আসা শুরু হয়েছে, ইন্দোনেশিয়া থেকে আসা শুরু হয়েছে। ইভেন, কাজাখস্থান থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা ব্যবস্থা নিয়েছি।’
সরকার মনে করছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবহারে সংযম এবং বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার উদ্যোগই পরিস্থিতি সামাল দেওয়ার মূল চাবিকাঠি।