৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ পি.এম

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রটি উপভোগ করতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সপরিবারে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সুস্থ ধারার সংস্কৃতি ও চলচ্চিত্র শিল্পকে অনুপ্রাণিত করার অংশ হিসেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় তিনি তার কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখতে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান। শায়রুল কবির খান আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নিজে হলে গিয়ে সিনেমা দেখার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের নির্মাতা এবং অভিনয়শিল্পীরা ভবিষ্যতে আরও মানসম্মত কাজ করতে উৎসাহিত হবেন। মূলত দেশীয় সংস্কৃতির বিকাশ ও সুস্থ বিনোদনকে গুরুত্ব দিতেই তাঁর এই ঝটিকা সফর।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রটি। তানিম নূরের পরিচালনায় এই ছবিটি এবারের ঈদে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, যেখানে সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিল হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ছিল ডোপ প্রোডাকশন্স।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আজমেরী হক বাঁধনের মতো গুণী শিল্পীরা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন। সরকারি ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রীর এমন সাংস্কৃতিক অংশগ্রহণ চলচ্চিত্র অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।