৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এ.এম

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার, নিন্দা জানালো জামায়াত

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার, নিন্দা জানালো জামায়াত

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে ভোলায় বিবি সাওদা (৩৭) নামে জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং গ্রেপ্তারকৃতের অবিলম্বে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখা।

সোমবার সন্ধ্যায় শহরের ওয়েস্টার্নপাড়ায় দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে গত রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে আটক করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বাবুলের স্ত্রী। গ্রেপ্তারের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ অভিযোগ করেন, নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা বর্তমান গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নারীর তিন বছরের একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। শিশুটির দেখাশোনার প্রয়োজনে মানবিক দিকটি বিবেচনার অনুরোধ করা হলেও পুলিশ তা গ্রহণ করেনি। অবিলম্বে মুক্তি না দেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন দলীয় নেতারা। এ সময় জেলা আমির মাস্টার মুহাম্মদ জাকির হোসাইনসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারের আগে বিবি সাওদা তার ফেসবুক আইডিতে দেশের জ্বালানি সংকট ও বিদেশ থেকে তেল আমদানির বিষয়ে সরকারের সমালোচনা করে কিছু পোস্ট দিয়েছিলেন। বিশেষ করে ভারত ও ইরান থেকে তেল আমদানির তুলনামূলক খরচ নিয়ে তিনি নিজের অভিমত ব্যক্ত করেন। পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।