১১ এপ্রিল ২০২৬, ০১:২০ পি.এম

বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশে আয়োজিত হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’।

আগামী ১২ এপ্রিল (রোববার) থেকে শুরু হয়ে চার দিনব্যাপী এই মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বইমেলার পাশাপাশি চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। পরদিন ১৪ এপ্রিল বাংলা নববর্ষের সকালে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। ওই দিন বেলা ১১টা থেকে একাডেমিক ভবনগুলোর সামনে বৈশাখী মেলা এবং দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত মিডিয়া চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান জানান, শহীদ আবু সাঈদের স্মৃতিকে অম্লান রাখতেই গত বছরের ধারাবাহিকতায় এবারও এই মেলার আয়োজন করা হয়েছে। ১২ এপ্রিল বিকেল ৩টায় শহীদ আবু সাঈদের পিতা আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের কথা বিবেচনায় রেখে মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া প্রতিদিন বিকেলে মেলা প্রাঙ্গণে উত্তরবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

অন্যদিকে নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা জানান, নতুন বছরকে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। চৈত্র সংক্রান্তির ঘুড়ি ওড়ানোর উৎসবের পাশাপাশি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় পরিবার।