স্বাধীনতা দিবস উপলক্ষে উন্মুক্ত বীচ কুস্তি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার (১২ এপ্রিল) ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম সকাল ১০টায় অংশগ্রহণকারীদের ওজন নির্ধারণের মাধ্যমে শুরু হবে। এরপর একই দিন দুপুর ২টা থেকে মূল প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।
এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কুস্তিগীররা অংশ নেবেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি উন্মুক্ত হওয়ায় নতুন প্রতিভা খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে।
এছাড়া, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে একই দিন বিকেল ৫টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আশিক সায়েদ (ডিআইজি)।
প্রতিযোগিতার সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ক্যামেরাম্যান ও ফটোগ্রাফারদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।