১৫ এপ্রিল ২০২৬, ১১:২০ এ.এম

পদত্যাগ করলেন মেসিদের কোচ

পদত্যাগ করলেন মেসিদের কোচ

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামির প্রধান কোচের পদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাচেরানো। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান এমএলএস কাপ বিজয়ী ক্লাবটি মাচেরানোর এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

কোচ বিদায়ের পর ক্লাবের প্রশাসনিক কাঠামোতেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বর্তমান স্পোর্টিং ডিরেক্টর গুইলার্মো হোয়োস অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দলের হাল ধরবেন। অন্যদিকে, ক্লাবের চিফ সকার অফিসার আলবার্তো মারেরো স্পোর্টিং ডিরেক্টরের বাড়তি দায়িত্ব পালন করবেন।

নিজের বিদায়ী বার্তায় মাচেরানো জানান, একান্ত ব্যক্তিগত কারণেই তিনি ইন্টার মিয়ামির ডাগআউট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সংক্ষিপ্ত যাত্রায় ক্লাব কর্তৃপক্ষ, কারিগরি কর্মী এবং বিশেষ করে ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলেই বেশ কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

২০২৫ মৌসুম শুরু হওয়ার প্রাক্কালে ইন্টার মিয়ামির দায়িত্ব নিয়েছিলেন মাচেরানো। ক্লাব ফুটবলে কোচ হিসেবে এটিই ছিল তার প্রথম অভিজ্ঞতা। এর আগে তিনি নিজ দেশ আর্জেন্টিনার অনূর্ধ্ব স্তরের জাতীয় দলগুলোর প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। প্রথমবার ক্লাব কোচিংয়ে এসেই তিনি ইন্টার মিয়ামিকে এমএলএস কাপের শিরোপা এনে দিয়ে সাফল্যের নজির গড়েছিলেন। তবে সেই সাফল্যের রেশ থাকতেই ব্যক্তিগত কারণে ক্লাবটির সাথে সম্পর্ক ছিন্ন করলেন এই সাবেক বার্সেলোনা তারকা।