২১ এপ্রিল ২০২৬, ০১:৫২ পি.এম

দেশে জ্বালানি তেলের সংকট নেই: জাহেদ উর রহমান

দেশে জ্বালানি তেলের সংকট নেই: জাহেদ উর রহমান

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াকেই বর্তমান সমস্যার মূল কারণ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত আছে। জ্বালানি তেলের মজুত বা সরবরাহে খুব বড় সংকট নেই। আরও জাহাজ আসছে। সমস্যা হচ্ছে চাহিদা ভীতি অথবা ব্যবসা। কোনো কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। সুতরাং জ্বালানি নেওয়ার প্রবনতা বেড়েছে। সংকট আসলে মুলত সেখান থেকে হচ্ছে।’

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব সব দেশই অনুভব করছে। জ্বালানির দাম বাড়লেও জনগণের ওপর চাপ কম রাখতে ভাড়া বৃদ্ধি সীমিত রাখার চেষ্টা করবে সরকার। একই সঙ্গে জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের মূল্য সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

সরকারি ঋণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত দুই মাসে সরকার ব্যাংক থেকে ৭৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার প্রভাব জনগণের ওপর পড়তে পারে। তবে এটি এখনো ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছায়নি। তিনি বলেন, সরকারের নেওয়া ঋণ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে।

নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, ফুটপাত থেকে হকার সরিয়ে নিতে শহরের আটটি স্থানে নৈশবাজার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এছাড়া, আঞ্চলিক পর্যায়ে নববর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশসহ মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলোকে নিয়ে পহেলা বৈশাখ যৌথভাবে উদযাপনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। আগামী নববর্ষের আগেই এ বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে এবং পুরো বৈশাখ মাসজুড়ে বিভিন্ন আয়োজন করার চিন্তা রয়েছে।