২৩ এপ্রিল ২০২৬, ০১:০০ পি.এম

জয়পুরহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের বাসিন্দা মো. এনামুল হকের দুই সন্তান হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুল থেকে ফেরার পর হোসেন ও রহমত তাদের বন্ধুদের সাথে বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে দুই ভাই হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা চাচাতো ভাই আল ইমরান কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে এবং স্বজনদের খবর দেয়।

চিৎকার শুনে পরিবারের সদস্য ও গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দুই ভাইকে অচেতন অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।