পবিত্র হজ পালনে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা জোর গতিতে চলছে। এখন পর্যন্ত ৪০ হাজার ৫৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।
শুক্রবার (১ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানান হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
হজ বুলেটিনে জানানো হয়েছে, এ পর্যন্ত ৭ জন হজযাত্রী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
চিকিৎসা সেবার দিক থেকে সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে সেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন চিকিৎসা সহায়তা পেয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এই কার্যক্রমে মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অবশিষ্ট ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে যাবেন।
এর আগে, ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি ভিসা রয়েছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।