দেশের বন্ধ হয়ে থাকা ৫০টি পাট ও বস্ত্রকল আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে আবার চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এর মধ্যে ২৫টি পাটকল এবং ২৫টি বস্ত্রকল পুনরায় চালুর অগ্রগতি নিয়ে ইতোমধ্যে পর্যালোচনা করা হয়েছে।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি পর্যালোচনা বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং সেখানে বন্ধ মিলগুলো চালুর অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। তিনি আরও জানান, বেশ কিছু পাট ও বস্ত্রকল ইতোমধ্যে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যেই এসব ৫০টি মিল পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনা হবে, যার মাধ্যমে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই আরও ছয়টি কারখানা পুনরায় চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া যেন নষ্ট না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ডেপুটি কমিশনারদের এ বিষয়ে বিশেষভাবে দৃষ্টি রাখতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মসজিদ ও মাদ্রাসার ইমামদের চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
চামড়া ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় দামের অসন্তোষের কারণে মানুষ চামড়া ফেলে দেয়, ফলে তা নষ্ট হয়ে যায়। এ কারণে পচন রোধে সরকারি উদ্যোগে চামড়ায় লবণ ব্যবহারের ব্যবস্থা করা হবে।