৭ মে ২০২৬, ০৯:৪৩ পি.এম

দাম কমেছে জেট ফুয়েলের

দাম কমেছে জেট ফুয়েলের

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে গত দুই মাসে তিনবার দাম বাড়ানোর পর অবশেষে স্বস্তির খবর দিয়েছে সরকার।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের ফ্লাইটের জ্বালানি বা জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি’র নতুন নির্দেশনা অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২১ টাকা ৬৩ পয়সা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও লিটারপ্রতি ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়েছে। আজ রাত ১২টা থেকেই এই নতুন দাম কার্যকর হতে যাচ্ছে।

মূল্য সমন্বয়ের বিষয়ে কমিশন জানিয়েছে, গত এক মাসের আন্তর্জাতিক বাজারের গড় রেট, ডলারের বিনিময় হার এবং পরিবহন খরচসহ প্রাসঙ্গিক সব দিক বিবেচনা করে মে মাসের জন্য এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বড় অংকের এই দাম কমানোর ফলে আকাশপথে যাত্রী পরিবহন এবং কার্গো ভাড়ায় ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে। এর আগে দফায় দফায় দাম বৃদ্ধির কারণে এয়ারলাইন্সগুলো তীব্র চাপের মুখে ছিল, যা এখন কিছুটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।