১০ মে ২০২৬, ০৭:১১ পি.এম

এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

দ্বিতীয় দিনের শেষে মিরপুর টেস্টে নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। তবে তৃতীয় দিনে দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ। দিন শেষে ৩৪ রানের লিড নিয়েছে টাইগাররা, আর হাতে রয়েছে সবকটি উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৪১৩ রানে। জবাবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় ৩৮৬ রানে। ফলে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ।

তবে আলোস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। দ্বিতীয় ইনিংসে ১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদুল জয় ২ রানে অপরাজিত আছেন, আর সাদমান ইসলাম এখনও রানের খাতা খুলতে পারেননি।


এর আগে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। রোববার (১০ মে) তৃতীয় দিনের শুরুতে ২১ বছর বয়সী আজান আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই তুলে নেন সেঞ্চুরি। ১৫৩ বলে শতক পূর্ণ করেন এই তরুণ ব্যাটার।

তবে তাকে বেশি দূর এগোতে দেননি তাসকিন আহমেদ। ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করে আউট হন আজান।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক ম্যাচ খেলতে নামা আব্দুল্লাহ ফজলও দারুণ ব্যাটিং করেন। ১০১ বলে নিজের প্রথম ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত করেন ৬০ রান। মিরাজের বলে মিড-অনে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।


এরপর বোলিংয়ে এসে দ্রুত আঘাত হানেন মিরাজ। নতুন ব্যাটার সৌদ শাকিলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও রক্ষা পাননি শাকিল, শূন্য রানেই ফিরতে হয় তাকে।

পরে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে মিলে ১১৯ রানের জুটি করেন। দলীয় ৩৪৯ রানে ৭৯ বলে ৫৯ রান করে আউট হন রিজওয়ান। তার ইনিংসে ছিল ৮টি চার।

এরপর বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে বেশিক্ষণ টিকতে পারেননি সালমান আঘা। ৫৮ রান করে নাহিদ রানার বলে স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন তিনি।

সালমানের বিদায়ের পর পাকিস্তানের শেষ দিকের ব্যাটাররা আর প্রতিরোধ গড়তে পারেননি। শেষ পর্যন্ত ৩৮৬ রানেই থামে সফরকারীদের ইনিংস।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ১০২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।