১১ মে ২০২৬, ০২:৪৯ এ.এম

লাইফ সাপোর্টে কারিনা কায়সার, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে চেন্নাই

লাইফ সাপোর্টে কারিনা কায়সার, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে চেন্নাই

সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে। সোমবার বিকেলেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দেশটির একটি হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পাওয়া কারিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার Kaiser Hamid।

তিনি জানান, “মাত্রই ভিসা হাতে পেলাম। বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে ওকে (কারিনা) চেন্নাই থেকে নিতে আসবে। ওখানে হাসপাতালের অনেক টাকা বিল। এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন। আম্মার (দাবাড়ু রানী হামিদ) আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি। আর একটা জমির বায়না করছি।”

কায়সার হামিদ আরও বলেন, দিনের মধ্যেই প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনা কায়সারের শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।

মেয়ের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ বলেন, “তার অবস্থা অপরিবর্তিত। খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।”

তিনি আরও বলেন, “এখন সবচেয়ে বড় বিষয় হলো— ওকে (কারিনা) নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”

এর আগে কায়সার হামিদ জানিয়েছিলেন, পরিবারের জন্য এই মুহূর্তে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কারণ এর আগে তার আরেক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং সেই চিকিৎসায় পরিবারের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এখন মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে জমি বিক্রি ও ফিক্সড ডিপোজিট ভাঙার উদ্যোগ নিতে হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে জটিলতা বাড়তে বাড়তে গত শুক্রবার তার লিভার ফেইলিউর হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।