১২ মে ২০২৬, ১১:২১ এ.এম

ছাগলে ফসল খাওয়া নিয়ে শ্রীপুরে সংঘর্ষ, আহত ৭

ছাগলে ফসল খাওয়া নিয়ে শ্রীপুরে সংঘর্ষ, আহত ৭

মাগুরার শ্রীপুর উপজেলায় ছাগলে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী মৃত কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের চাষ করা শাক-সবজি খেয়ে ফেলে। এই তুচ্ছ ঘটনা নিয়ে মোতাহারের সন্তান তরিকুলের সঙ্গে সাজেদা বেগমের পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সাজেদার পক্ষাবলম্বন করে সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালায়।

সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্রীপুর থানা পুলিশ। এই সংঘর্ষে আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপর এলাকায় আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে এই মারধরের ঘটনাটি ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।