সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুমের ছেলে সাবেদুর রহমান সুমু পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার আসরের নামাজের পর চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঢাকায় একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটির সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক এই সংসদ সদস্য বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ১৯৭৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের অন্যতম একজন ছিলেন।
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাবন্দি অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০২৫ সালের ৫ আগস্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৪ আগস্ট তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।