“বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)” অনুযায়ী এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে জানানো হয়, ৮ জন মৃত সরকারি কর্মচারীর পরিবারের অনুকূলে প্রতিজন ৮ লাখ টাকা করে মোট ৬৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হয়ে পড়া ২ জন কর্মচারীর অনুকূলে প্রতিজন ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার চেক দেওয়া হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বেসামরিক প্রশাসনে দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কঠিন সময় পার করতে হয়।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া এ ধরনের আর্থিক সহায়তা দুর্দিনে পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে এবং তাদের মাঝে সাহস ও প্রেরণা যোগাবে। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সবসময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।