হামের টিকাদান কার্যক্রমে কোনো ভুল বা অবহেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখার চেয়ে শিশুদের জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাকেই বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের কাছ থেকে পোলিও টিকা গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামের টিকা নিয়ে কে দোষ করেছে বা কোথায় ত্রুটি ছিল, সেটি খোঁজার আগে আমাদের প্রধান লক্ষ্য হলো মায়েদের কোল যাতে খালি না হয় তা নিশ্চিত করা। আমরা এই মুহূর্তে সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি।’ তিনি আরও উল্লেখ করেন যে, হামের বর্তমান সংক্রমণ পরিস্থিতি অনেকটা প্রাকৃতিক দুর্যোগের মতো হলেও সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে তা মোকাবিলা করছে। ইতিমধ্যে দেশের অধিকাংশ জেলায় টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
হামের এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে ওঠার পর বিষয়টিকে গুরুত্বের সাথে তদন্ত করা হবে বলে জানান মন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশুদের জীবনের ঝুঁকি তৈরি করা এই পরিস্থিতির পেছনে যদি কারও গাফিলতি বা দায়বদ্ধতা পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূলত শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে দেশজুড়ে টিকাদান কার্যক্রমকে আরও নিশ্ছিদ্র করাই সরকারের বর্তমান লক্ষ্য বলে তিনি পুনর্ব্যক্ত করেন।