১৪ মে ২০২৬, ০১:২৫ পি.এম

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

পশ্চিমবঙ্গ-এ পশু জবাই নিয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে নবগঠিত সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি অনুমোদন ও পশু চিকিৎসকের সনদ ছাড়া গরুসহ নির্দিষ্ট গবাদিপশু জবাই করা যাবে না। 

বুধবার (১৩ মে) রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে গরু, ষাঁড়, বলদ, বাছুর, স্ত্রী ও পুরুষ মহিষসহ নির্ধারিত গবাদিপশু জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরযুক্ত ফিটনেস সনদ বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা বা উভয় দণ্ডের মুখে পড়তে হতে পারে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জবাইয়ের উপযোগী হিসেবে সনদ পেতে হলে সংশ্লিষ্ট পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি কাজ বা প্রজননের অনুপযোগী হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে তবেই জবাইয়ের অনুমতি মিলতে পারে। 

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। রাস্তা, খোলা জায়গা বা জনসমাগমপূর্ণ এলাকায় পশু জবাই আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। 

বিধি বাস্তবায়ন তদারকিতে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত সরকারি কর্মকর্তাদের যেকোনো স্থাপনা পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। এ কাজে বাধা দেওয়াও আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। 

রাজ্যটির সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস-কে হারিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর এ সিদ্ধান্ত সামনে এসেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী-এর নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর এটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে আলোচনায় এসেছে।