বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। এমন সময়ে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের চোট সমস্যা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে দলে ডাকার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কারণ নিকো পাজ এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তার বিকল্প হিসেবেই বুয়েন্দিয়ার নাম আলোচনায় এসেছে। এ কারণে তাকে দীর্ঘ ছুটিতে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্য একটি সূত্র জানিয়েছে, কোমো ১৯০৭-এর এই মিডফিল্ডার এখনো হাঁটুর চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। বর্তমানে তিনি বিশেষ চিকিৎসার অধীনে রয়েছেন। ফলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শুধু নিকো পাজই নন, ইনজুরির ধাক্কা আর্জেন্টিনা দলের বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়েছে। দলের অধিনায়ক লিওনেল মেসি হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন এবং বর্তমানে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও চোটের কারণে স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারছেন না। ডান হাতের একটি আঙুল ভেঙে যাওয়ায় তাকে সীমিত পরিসরে প্রস্তুতি চালিয়ে যেতে হচ্ছে।
রক্ষণভাগেও রয়েছে দুশ্চিন্তা। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোটে আক্রান্ত। ফলে ডান প্রান্তের রক্ষণব্যবস্থা নিয়ে কোচিং স্টাফকে নতুন করে ভাবতে হচ্ছে।
মিডফিল্ডেও পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত। তাই অভিজ্ঞ খেলোয়াড়দের ফিটনেস নিয়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৬ জুন হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা।
এই দুই ম্যাচকে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। আসরের প্রথম ম্যাচে আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।