৫ জুন ২০২৬, ০৫:০৬ পি.এম

বিশ্বজুড়ে তলানিতে ইসরাইলের ভাবমূর্তি

বিশ্বজুড়ে তলানিতে ইসরাইলের ভাবমূর্তি

আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের গ্রহণযোগ্যতা ক্রমেই কমছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে দেশটির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে উঠে এসেছে একটি বৈশ্বিক জরিপে। জরিপের ফলাফল বলছে, অংশগ্রহণকারী অধিকাংশ দেশের নাগরিকরা ইসরাইল সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করেন।

সম্প্রতি পরিচালিত Pew Research Center-এর এক বিস্তৃত জরিপে দেখা গেছে, জরিপভুক্ত ৩৬টি দেশের অধিকাংশ মানুষ ইসরাইলকে ইতিবাচকভাবে দেখছেন না। বরং দেশটির প্রতি অসন্তোষ ও নেতিবাচক মনোভাবই বেশি প্রকাশ পেয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এ জরিপে অংশ নেওয়া দেশগুলোর গড়ে প্রায় ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইল সম্পর্কে প্রতিকূল মতামত দিয়েছেন। অন্যদিকে মাত্র ২৫ শতাংশ অংশগ্রহণকারী দেশটির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

গবেষণা সংস্থাটি জানিয়েছে, অধিকাংশ সাক্ষাৎকার নেওয়া হয়েছে ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর। ওই সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, গাজায় চলমান সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে সংঘাত—দুইয়ের সম্মিলিত প্রভাবে ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জরিপে মুসলিম-অধ্যুষিত দেশগুলোতে ইসরাইলবিরোধী মনোভাব সবচেয়ে বেশি দেখা গেছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কের নাগরিকদের মধ্যে দেশটির প্রতি উচ্চমাত্রার নেতিবাচক মনোভাব লক্ষ্য করা হয়েছে। একই চিত্র দেখা গেছে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যেও। তবে চলমান পরিস্থিতির কারণে গাজা উপত্যকায় জরিপ পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

শুধু মুসলিম বিশ্বের মধ্যেই নয়, ইউরোপের বিভিন্ন দেশেও ইসরাইলের প্রতি বিরূপ মনোভাব বৃদ্ধি পেয়েছে। ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনের মতো দেশগুলোতে প্রায় দুই-তৃতীয়াংশ বা তারও বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক মত প্রকাশ করেছেন।

জরিপে আরও দেখা যায়, যেসব ২৪টি দেশের পূর্ববর্তী বছরের তথ্যের সঙ্গে তুলনা করা সম্ভব হয়েছে, তার মধ্যে অন্তত ১৩টিতে ইসরাইলের প্রতি বিরূপ মনোভাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। উদাহরণ হিসেবে আর্জেন্টিনার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ২০২৫ সালে ইসরাইল সম্পর্কে নেতিবাচক মতামত ছিল ৪৬ শতাংশ মানুষের। চলতি বছরে তা বেড়ে ৫৫ শতাংশে পৌঁছেছে।

এছাড়া অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতেও ইসরাইলের প্রতি অসন্তোষ প্রকাশকারীর সংখ্যা দ্বি-অঙ্কের হারে বৃদ্ধি পেয়েছে। জরিপের ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান কূটনৈতিক চ্যালেঞ্জ ও জনমত সংকটের ইঙ্গিত দিচ্ছে।