৬ জুন ২০২৬, ০৩:৫৬ পি.এম

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর

চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন অধিনায়ক লিওনেল মেসি, আর আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তাকে মাঠে দেখা যেতে পারে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

শনিবার মেসির শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, "লিও ভালো আছে। সে ইতোমধ্যে দলের সাথে আংশিক অনুশীলন শুরু করেছে, এখন আর পুরোপুরি আলাদা নেই। প্রীতি ম্যাচগুলোতে সে কয়েক মিনিট খেলতে পারে— এমন সম্ভাবনা রয়েছে। তবে সেটা এই ম্যাচে নাকি পরের ম্যাচে, তা আমরা দেখব।"

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল রোববার সকালে টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে। এরপর বুধবার অ্যালাবামার অবার্নে আইসল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের আগে এই দুই ম্যাচই তাদের শেষ প্রস্তুতির অংশ।

মেসির অগ্রগতি নিয়ে আশাবাদী স্কালোনি বলেন, "সে আগের চেয়ে অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।"

আর্জেন্টিনার মেডিকেল দলের ব্যস্ততার বড় কারণই এখন চোটাক্রান্ত খেলোয়াড়দের সুস্থ করে তোলা। ইন্টার মায়ামির হয়ে নিজের সর্বশেষ ম্যাচে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন মেসি। এ কারণে হন্ডুরাসের বিপক্ষে তার খেলার সম্ভাবনা আগে থেকেই কম ছিল।

এদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পরিবর্তে হন্ডুরাস ম্যাচে শুরুর একাদশে থাকবেন অ্যাতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক হুয়ান মুসো। উয়েফা ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপের সময় ডান হাতের অনামিকা আঙুল ভেঙে যাওয়ায় মার্তিনেজকে দুই প্রীতি ম্যাচেই বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল টিম। তবে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলার আশা করা হচ্ছে।

এই প্রীতি ম্যাচগুলোতে তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকেও সুযোগ দিতে চান স্কালোনি। ফলে রিভারপ্লেটের এই ফুটবলারের আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

রক্ষণভাগেও রয়েছে কিছু উদ্বেগ। রাইট-ব্যাক নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েল দুজনই পেশির চোট কাটিয়ে ওঠার পথে রয়েছেন। তাদের বিকল্প হিসেবে অগাস্তিন গিয়ায় ও নিকোলাস কাপালদোকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো এপ্রিলে হাঁটুর চোট পাওয়ার পর অনুশীলনে ফিরেছেন। তবে ম্যাচ খেলার মতো পূর্ণ ফিটনেস এখনও ফিরে পাননি। তাকে প্রীতি ম্যাচে খেলানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কোচিং স্টাফকে।

মিডফিল্ডার নিকো পাজের অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয়। হাঁটুতে গুরুতর আঘাত পাওয়ার পর তিনি এখনও আলাদাভাবে অনুশীলন করছেন। হন্ডুরাস ম্যাচে তাকে পাওয়া যাবে না এবং বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেও তার সুস্থ হয়ে ওঠা কঠিন বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া লিয়েন্দ্রো পারেদেস ও স্ট্রাইকার হুলিয়ান আলভারেজও কিছু শারীরিক সমস্যা নিয়ে কানসাসে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। তাদের অবস্থার উন্নতি হলেও প্রীতি ম্যাচে মাঠে নামবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

চোটে আক্রান্ত খেলোয়াড়দের পরিস্থিতি নিয়ে স্কালোনি বলেন, "অবস্থার উন্নতি হচ্ছে। তারা ভালো আছে। তবে এই ম্যাচগুলোতে আমরা তাদেরকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। পরিকল্পনা হলো, চোটে থাকা খেলোয়াড়রা নিশ্চিতভাবেই এই প্রীতি ম্যাচগুলোতে অংশ নেবে না।"