১০ আগস্ট ২০২৬, ০৩:১০ পি.এম

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।

সূত্রের বরাতে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই এ সফরের আয়োজন করা হয়েছে। তবে সফরটি নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

পরাগ জৈন বর্তমানে ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। তার সঙ্গে প্রতিনিধি দলে আছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফর চলাকালে তারা রাজধানীর একটি হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে।

দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের প্রেক্ষাপটে ‘র’ প্রধানের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে সফরের মূল উদ্দেশ্য, আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু কিংবা বাংলাদেশি কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক হবে কি না—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।