শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

ভারতের আদমশুমারিতে পরিবর্তন, বিজেপি-আরএসএসকে নিয়ে কংগ্রেসের অভিযোগ

ভারতে ২০২৭ সালের জাতীয় আদমশুমারির নিয়ম পরিবর্তনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, গণনাকারী নিয়োগের নিয়ম শিথিল করে দেশের গুরুত্বপূর্ণ এই পরিসংখ্যান কার্যক্রমকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি করছে ক্ষমতাসীন বিজেপি ও তাদের আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)।

সম্প্রতি নিয়ম সংশোধন করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সরকারি স্কুলের শিক্ষকদের পাশাপাশি বেসরকারি স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদেরও আদমশুমারির তথ্য সংগ্রহের কাজে নিয়োগ দেওয়া যাবে। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জয়রাম রমেশ অভিযোগ করেন, নিয়ম শিথিল করার আড়ালে বড় ধরনের কারচুপির পরিকল্পনা থাকতে পারে। তাঁর দাবি, এর ফলে বিজেপি ও আরএসএসের হাজার হাজার কর্মী আদমশুমারির কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এতে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহের প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি আদমশুমারির কাজে নিয়োগের বিষয়টি আগেও আদালত পর্যন্ত গড়িয়েছে। ভারতের কয়েকটি হাইকোর্ট ইতোমধ্যে এ ধরনের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে স্বাধীন ভারতের অষ্টম জাতীয় আদমশুমারি। এর প্রথম ধাপে ঘরবাড়ি গণনা করা হবে। দ্বিতীয় ধাপে করা হবে মূল জনসংখ্যা গণনা।

২০২১ সালে আদমশুমারিটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। বিশাল এই কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ১১ হাজার ৭১৮ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।