১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ভাটি বাংলার বিস্তীর্ণ হাওরাঞ্চলে গেরিলা অভিযান চালিয়ে আলোচিত হয়ে উঠেছিলেন এক তরুণ মুক্তিযোদ্ধা। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা গেরিলা দল ‘দাস পার্টি’ পাকিস্তানি বাহিনীর অস্ত্র ও রসদ পরিবহনের নৌপথে একের পর এক আক্রমণ চালায়। সেতু ধ্বংস, গানবোট ও কার্গো ডুবিয়ে দেওয়া, শত্রুঘাঁটিতে হামলা এবং গুরুত্বপূর্ণ এলাকা শত্রুমুক্ত করার মতো দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দেন তিনি।
মাত্র ২২ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা এই তরুণের নাম জগৎজ্যোতি দাস। মুক্তিযুদ্ধের সময় তাঁর বীরত্বগাথা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। মুজিবনগর সরকার তাঁকেই প্রথম সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু স্বাধীনতার পর রাষ্ট্রীয়ভাবে সেই খেতাব কেড়ে নিয়ে তাঁকে দেওয়া হয় ‘বীর বিক্রম’। ফলে তাঁর প্রাপ্য স্বীকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রশ্ন রয়েছে।
আজ ১৬ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন জগৎজ্যোতি দাস। তাঁর ৫৫তম মৃত্যুবার্ষিকীতে দ্য ভয়েস২৪-এর পাঠকদের জন্য জগৎজ্যোতি দাসের বীরত্বপূর্ণ জীবনের বিশেষ অধ্যায়গুলো তুলে ধরা হল।
শৈশব, শিক্ষা ও রাজনৈতিক পরিচয়
১৯৪৯ সালের ২৬ এপ্রিল হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জন্মগ্রহণ করেন জগৎজ্যোতি দাস। বাবা জিতেন্দ্র চন্দ্র দাস ছিলেন পেশায় রাজমিস্ত্রি এবং মা হরিমতি দাস ছিলেন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
শৈশবে জলসুখা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। পরে আজমিরীগঞ্জ বিরাটচরণ উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চমাধ্যমিক পড়াশোনার জন্য ভারতে যান। সেখানে বিভিন্ন ভাষা শেখার পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। যুদ্ধকালীন সহযোদ্ধাদের ভাষ্য অনুযায়ী, ভারতের কিছু বামপন্থী বিপ্লবীর সংস্পর্শেও এসেছিলেন তিনি।
দেশে ফিরে শিক্ষকতা শুরু করেন জগৎজ্যোতি। পরবর্তী সময়ে সুনামগঞ্জ কলেজে ভর্তি হন এবং বামপন্থী ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের কর্মী ছিলেন। ১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নেন।
ছাত্রজীবন থেকেই রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সচেতন জগৎজ্যোতি দেশের তৎকালীন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ১৯৭১ সালের মার্চে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হলে প্রতিরোধযুদ্ধে যোগ দেন তিনি। ২৮ মার্চ সুনামগঞ্জের অস্ত্রাগার থেকে রাইফেল সংগ্রহ করে প্রতিরোধ গড়ে তোলার কাজে অংশ নেন বলে মুক্তিযুদ্ধবিষয়ক বিবরণে উল্লেখ রয়েছে।
যেভাবে গড়ে ওঠে দাস পার্টি
মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর জগৎজ্যোতি দাসসহ উত্তর-পূর্বাঞ্চলের বহু তরুণ প্রশিক্ষণের জন্য ভারতে যান। মেঘালয়ের শিলং এলাকায় প্রশিক্ষণ নেওয়ার সময় তাঁর পরিচয় হয় ইলিয়াস চৌধুরীর সঙ্গে। পরবর্তী সময়ে ইলিয়াস হয়ে ওঠেন তাঁর ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং দাস পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
প্রশিক্ষণ শেষে তাঁরা দেশে ফিরে টেকেরঘাট সাব-সেক্টরের অধীনে যুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের জুলাই মাসে জগৎজ্যোতির নেতৃত্বে গড়ে ওঠে গেরিলা দল ‘দাস পার্টি’। শুরুতে শতাধিক সদস্য থাকলেও বিভিন্ন অভিযান ও হতাহতের পর দলের সদস্যসংখ্যা কমে ৩৬ থেকে ৩৭ জনে দাঁড়ায় বলে সহযোদ্ধাদের বক্তব্যে জানা যায়।
দলটির প্রধান দায়িত্ব ছিল ভাটি বাংলার হাওরাঞ্চলে পাকিস্তানি বাহিনীর চলাচল ও সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত করা। বিশেষ করে ভৈরব, আজমিরীগঞ্জ ও শেরপুরের মধ্যবর্তী নদীপথে পাকিস্তানি সেনাদের অস্ত্র ও রসদ পরিবহন বন্ধ করা ছিল তাদের অন্যতম লক্ষ্য।
সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার বিস্তীর্ণ হাওরাঞ্চলে অভিযান পরিচালনা করত দাস পার্টি। নৌপথে চলাচলকারী পাকিস্তানি বাহিনীর গানবোট, কার্গো ও রসদবাহী নৌযানে হামলার পাশাপাশি সেতু ধ্বংস এবং শত্রুপক্ষের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালাতেন তাঁরা।
জগৎজ্যোতি শুধু সাহসী যোদ্ধাই ছিলেন না, ছিলেন দক্ষ পরিকল্পনাকারীও। পরিস্থিতি অনুযায়ী দ্রুত কৌশল পরিবর্তন এবং সীমিত জনবল ও অস্ত্র ব্যবহার করে বড় ধরনের অভিযান পরিচালনার দক্ষতা ছিল তাঁর।
একের পর এক সফল গেরিলা অভিযান
দাস পার্টির অন্যতম উল্লেখযোগ্য অভিযান ছিল পাকিস্তানি বাহিনীর নৌযান ধ্বংস করা। ১৯৭১ সালের আগস্টের মাঝামাঝি সময়ে ভৈরবমোহনা নদীপথে পাকিস্তানি বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের খবর পেয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন জগৎজ্যোতি।
প্রথমে গানবোটের গায়ে বিস্ফোরক লাগানোর পরিকল্পনা করা হলেও পরে তিনি কৌশল পরিবর্তন করেন। নদীর দুই তীরে খুঁটি স্থাপন করে দড়ির সঙ্গে কয়েকটি মাইন ঝুলিয়ে রাখেন। পাশাপাশি বিস্ফোরক সংযোগের ব্যবস্থা করা হয়। পাকিস্তানি বাহিনীর গানবোটগুলো ওই পথে আসার পর রকেট লঞ্চারের গোলা ছোড়া এবং বিস্ফোরক সক্রিয় করার মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়। অভিযানে মুক্তিযোদ্ধাদের কেউ হতাহত হননি।
দাস পার্টির এই অভিযানগুলো পাকিস্তানি বাহিনীর জন্য বড় ধরনের সমস্যা তৈরি করে। বিশেষ করে ঢাকা-শেরপুর নৌপথে অস্ত্র ও রসদ পরিবহন বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে ওই পথে চলাচল না করার বিষয়ে বেতারে সতর্কবার্তা প্রচারের কথাও সহযোদ্ধাদের স্মৃতিচারণে উঠে এসেছে।
সিলেট-সুনামগঞ্জ সড়কের সেতু ধ্বংসের দায়িত্বও পেয়েছিলেন জগৎজ্যোতি। জুলাইয়ের শেষ দিকে জয়কলস সেতু ধ্বংসের উদ্দেশ্যে অভিযান শুরু করেন তিনি। পথে রাজাকারদের একটি দলের মুখোমুখি হওয়ায় মূল পরিকল্পনায় পরিবর্তন আনেন। পরে সদরপুর সেতুতে পাহারারত রাজাকারদের কোনো গুলি খরচ না করেই বন্দি করেন এবং বিস্ফোরক দিয়ে সেতুটি উড়িয়ে দেন।
৭ আগস্ট তাঁর নেতৃত্বে জামালগঞ্জ থানা আক্রমণ করা হয়। হামলার মুখে থানায় অবস্থানরত পাকিস্তানি বাহিনী দক্ষিণ দিকে সরে যায়। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাহিরপুর এলাকায় অন্যান্য মুক্তিযোদ্ধা দলের সঙ্গে একাধিক অভিযানে অংশ নেন তিনি।
সেপ্টেম্বরের শেষ দিকে দিরাইয়ের কুঁড়ি এলাকায় ফিরে এসে আজমিরীগঞ্জ থানা, রানীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। ভেড়ামোহনায় শত্রুপক্ষের কার্গো ডুবিয়ে দেওয়া এবং রানীগঞ্জ বাজারে রাজাকারদের ঘাঁটি ধ্বংস করাও ছিল তাঁর নেতৃত্বাধীন দলের উল্লেখযোগ্য সাফল্য।
১৮ অক্টোবর রাতে রমেশ পাণ্ডের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা দলের সঙ্গে যৌথভাবে বানিয়াচং থানায় পাকিস্তানি বাহিনীর শক্তিশালী অবস্থানে আক্রমণ চালায় দাস পার্টি। ওই যুদ্ধে জগৎজ্যোতি এলএমজি হাতে শত্রুপক্ষের অবস্থানের ভেতরে প্রবেশ করেন। মুক্তিযুদ্ধবিষয়ক একটি বিবরণে ওই অভিযানে পাকিস্তানি বাহিনীর ৩৫ জন সৈন্য নিহত হওয়ার কথা উল্লেখ রয়েছে। অভিযানের পর বানিয়াচং থানা শত্রুমুক্ত হয়।
এ ছাড়া মার্কুলির কাছে একটি বার্জ দখল করে গচিয়া গ্রামে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়। এসব অভিযানের ধারাবাহিকতায় ভৈরব-শেরপুর নদীপথে পাকিস্তানি বাহিনীর সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে পাকিস্তানি সেনাবাহিনী জগৎজ্যোতিকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।
দাস পার্টির সদস্যরা শুধু নৌযান বা সেতু ধ্বংস করেই থেমে থাকেননি। বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের ঘাঁটিতে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো দুর্বল করে দেন। হাওরাঞ্চলে তাঁদের তৎপরতা পাকিস্তানি বাহিনীর জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল।
১৬ নভেম্বর: বদলপুরে শেষ যুদ্ধ
১৯৭১ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে সুনামগঞ্জের তাহিরপুরের শ্রীপুর এলাকায় তিন দিন ধরে যুদ্ধ করে দাস পার্টি। এরপর জগৎজ্যোতির দলের পরবর্তী অভিযান নির্ধারিত হয় হবিগঞ্জের বাহুবল এলাকায়। সেখানে বিদ্যুৎ সরবরাহের লাইন ধ্বংস করার পরিকল্পনা ছিল।
এই অভিযানের জন্য ৪২ জন মুক্তিযোদ্ধাকে বেছে নেন তিনি। নেত্রকোনার খালিয়াজুড়ির কল্যাণপুর থেকে নৌকায় করে ১৬ নভেম্বর ভোরে বাহুবলের উদ্দেশে রওনা হন তাঁরা।
সকাল ৮টার দিকে দলটি আজমিরীগঞ্জের বদলপুরে পৌঁছায়। সেখানে গিয়ে জগৎজ্যোতি জানতে পারেন, স্থানীয় কয়েকজন রাজাকার জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে। খবর পেয়ে তিনি তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন।
মুক্তিযোদ্ধাদের উপস্থিতি টের পেয়ে রাজাকারদের একটি অংশ নৌকায় করে পালিয়ে যায়। জগৎজ্যোতি ১৩ জন সহযোদ্ধাকে নিয়ে তাদের ধাওয়া করেন। দলের অন্য সদস্যদের পেছনে সহায়তাকারী হিসেবে রেখে এগিয়ে যান তাঁরা।
পালিয়ে যাওয়া রাজাকাররা জলসুখা গ্রামের দিকে সরে যায়। পরে মুক্তিযোদ্ধারা ফিরে আসার সময় বুঝতে পারেন, তাঁদের জন্য ফাঁদ পাতা হয়েছে। পাকিস্তানি বাহিনী আজমিরীগঞ্জ, শাল্লা ও মার্কুলি—তিন দিক থেকে নৌযান নিয়ে অবস্থান নেয়। আকাশে চক্কর দিতে থাকে একটি ফকার বিমান। শুকিয়ে যাওয়া হাওরের মধ্যে ভৈরবমোহনার একটি শাখানদীর তীরে আটকা পড়ে যান জগৎজ্যোতি ও তাঁর সঙ্গীরা।
এরপর শুরু হয় তুমুল যুদ্ধ। একদিকে পাকিস্তানি বাহিনীর ভারী অস্ত্র, অন্যদিকে সীমিত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ। বদলপুরে অবস্থানরত দাস পার্টির অন্য সদস্যরাও পাকিস্তানি বাহিনীর আরেকটি দলের আক্রমণের কারণে তাঁদের সহায়তায় এগিয়ে আসতে পারেননি।
যুদ্ধ চলাকালে সহযোদ্ধা ইলিয়াস চৌধুরী গুলিবিদ্ধ হন। তাঁর শরীর থেকে রক্তক্ষরণ বন্ধ করতে জগৎজ্যোতি নিজের মাথার লাল গামছা খুলে ক্ষতস্থানে বেঁধে দেন। এরপর তাঁকে আবার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাস পার্টির সদস্যদের গোলাবারুদ ও জনবল কমতে থাকে। একপর্যায়ে জগৎজ্যোতি ও ইলিয়াস অন্য সহযোদ্ধাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেন। নিজেরা অবস্থান ধরে রেখে যুদ্ধ চালিয়ে যান।
সূর্যাস্তের কিছুক্ষণ আগে একটি গুলি জগৎজ্যোতির শরীরে বিদ্ধ হয়। সহযোদ্ধা ইলিয়াস চৌধুরীর স্মৃতিচারণ অনুযায়ী, মৃত্যুর আগে তিনি ‘আমি যাইগা’ বলে শেষ কথা উচ্চারণ করেছিলেন। এরপর ইলিয়াস তাঁর নিথর দেহ কাদার মধ্যে মাটিচাপা দিয়ে অস্ত্রসহ নিরাপদ স্থানে সরে যান।
দাস পার্টির এই যুদ্ধে তিন থেকে চারজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং পাকিস্তানি বাহিনীর ১২ থেকে ১৩ জন সদস্য নিহত হন বলে ইলিয়াস চৌধুরী জানিয়েছেন। ১৯৭১ সালের ১৬ নভেম্বর বদলপুরের এই যুদ্ধেই শহীদ হন জগৎজ্যোতি দাস।
বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল মরদেহ
জগৎজ্যোতির মৃত্যুর পর তাঁর মরদেহের সঙ্গে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের অমানবিক আচরণের বর্ণনা পাওয়া যায় বিভিন্ন প্রত্যক্ষদর্শী ও সহযোদ্ধার স্মৃতিচারণে।
পরদিন স্থানীয় রাজাকাররা তাঁর মরদেহ উদ্ধার করে প্রথমে জলসুখা গ্রামে নিয়ে যায়। সেখানে তাঁর বৃদ্ধ মা-বাবাকে ছেলেকে দেখানোর জন্য ডেকে আনা হয়। এরপর তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে সহযোদ্ধাদের স্মৃতিচারণে উল্লেখ রয়েছে।
পরে মরদেহ নৌকায় করে আজমিরীগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। মরদেহের ছবি তোলার জন্য আলোকচিত্রীও ডেকে আনা হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে। এরপর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
তাঁর মরদেহে পেরেক বিদ্ধ করা, ক্ষতবিক্ষত করা এবং কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়ার বর্ণনাও বিভিন্ন স্মৃতিচারণ ও প্রকাশনায় পাওয়া যায়।
বীরশ্রেষ্ঠ ঘোষণার পরও কেন বীর বিক্রম?
জগৎজ্যোতি দাসের জীবনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি তাঁর বীরত্বসূচক খেতাব।
বিভিন্ন ঐতিহাসিক ও স্মৃতিচারণমূলক বিবরণে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর মৃত্যুসংবাদ এবং বীরত্বের কথা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। মুজিবনগর সরকারের পক্ষ থেকে তাঁকে মরণোত্তর ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেওয়ার ঘোষণাও প্রচারিত হয়েছিল বলে দাবি রয়েছে।
কিন্তু স্বাধীনতার পর রাষ্ট্রীয়ভাবে বীরত্বসূচক খেতাব নির্ধারণের সময় তাঁকে ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করা হয়। এটি বাংলাদেশের বীরত্বসূচক খেতাবগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ সম্মান। তাঁর খেতাবের সনদ নম্বর ১৫৪।
এই সিদ্ধান্ত নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের জালালপুর সাব-সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদী জগৎজ্যোতি দাসকে বীরশ্রেষ্ঠ খেতাব না দেওয়ার প্রতিবাদে নিজের ‘বীর প্রতীক’ খেতাব প্রত্যাখ্যান করেছিলেন বলে বিভিন্ন প্রকাশনায় উল্লেখ রয়েছে। ১৯৯২ সালে খালেদা জিয়ার কাছ থেকে পদক গ্রহণের সুযোগ এলেও তিনি তা গ্রহণ করেননি বলে জানা যায়।
তবে মুজিবনগর সরকারের ঘোষণার পর স্বাধীন বাংলাদেশের সরকার কেন তাঁকে বীর বিক্রম খেতাব দিয়েছিল, সে বিষয়ে সুস্পষ্ট ও প্রামাণ্য সরকারি ব্যাখ্যা জনপরিসরে পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো ইতিহাসের একটি আলোচিত প্রশ্ন হয়ে রয়েছে।
স্মৃতিতে জগৎজ্যোতি
জগৎজ্যোতি দাসের জীবন ও মুক্তিযুদ্ধের অবদান নিয়ে একাধিক বই, উপন্যাস, গান, কবিতা ও নাটক রচিত হয়েছে। লেখিকা অঞ্জলি লাহিড়ী তাঁকে নিয়ে ‘জগৎজ্যোতি’ উপন্যাস লেখেন। মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা প্রকাশ করেন ‘অনন্য মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস’। হাসান মোরশেদের ‘দাস পার্টির খোঁজে’ বইটিতেও তাঁর জীবন, যুদ্ধ এবং সহযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এসেছে।
সুনামগঞ্জ শহরে তাঁর নামে ‘শহীদ জগৎজ্যোতি পাঠাগার’ প্রতিষ্ঠিত হয়েছে। তবে তাঁর জন্মস্থান জলসুখায় স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। তাঁর নামে উল্লেখযোগ্য স্মৃতিচিহ্ন ও বীরত্বগাথা তুলে ধরার কার্যকর ব্যবস্থা না থাকার বিষয়টিও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন জগৎজ্যোতি দাস। তাঁর নেতৃত্বে দাস পার্টির তরুণ যোদ্ধারা দুর্গম হাওরাঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্যক্তিগত কোনো প্রাপ্তির প্রত্যাশায় নয়, স্বাধীন বাংলাদেশের স্বপ্নেই তাঁরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন।
১৯৭১ সালের ১৬ নভেম্বর বদলপুরের মাটিতে শেষ হয় জগৎজ্যোতির জীবন। কিন্তু তাঁর সাহসিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগের ইতিহাস শেষ হয়ে যায়নি। জীবিত যিশুর চেয়ে যেমন ক্রুশবিদ্ধ যিশুর মরদেহ তার আদর্শকে বিশ্বব্যাপী বিস্তৃত করেছিল, তেমনি ২২ বছর বয়সী তরুণ গেরিলাযোদ্ধা জগৎজ্যোতি দাসের পেরেকবিদ্ধ মরদেহ এবং তার আত্মত্যাগ শহীদের মর্যাদা পেতে তরুণদের অনুপ্রাণিত করেছে, অনিবার্য করে তুলেছিল বাংলাদেশের স্বাধীনতাকেও। স্বাধীনতার পর খেতাব কেড়ে নেওয়া এবং বীরত্ব গাথা মুছে ফেলার অপচেষ্টার পরেও জগৎজ্যোতি যেন সেই বিখ্যাত কবিতার প্রতিনিধি-
‘যতবারই হত্যা করো, জন্মাবো আবার দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস’