জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উগ্রবাদ মোকাবিলার কথা উল্লেখ করে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্ডান। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর (পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট) এক বিবৃতিতে জানিয়েছে, সমাজকে বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। উগ্রবাদ ও চরমপন্থা ছড়ানোর প্রচেষ্টা সামাজিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য হুমকি। দেশটির আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
সম্প্রতি কয়েকটি নিরাপত্তা ঘটনার পর জর্ডান এ সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে দেশটিতে একটি গির্জায় হামলায় নয়জন নিহত হন। ওই ঘটনার পর প্রতিবেশী দেশ সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান। দেশটির দাবি, ওই হামলায় ইসলামিক স্টেটের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন।
এ ছাড়া গত ৫ নভেম্বর রাজধানী আম্মানে ছুরিকাঘাতের ঘটনায় জর্ডানের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অপর একজন আহত হন।
রাশিয়া থেকে নির্বাসিত পাভেল দুরভের তৈরি মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহার করে গত কয়েক বছর ধরে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা উগ্রবাদী বক্তব্য ও বার্তা প্রচার করে আসছেন।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ বর্তমানে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের মুখে রয়েছেন। গত জুলাইয়ে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ আনে। রাশিয়ার দাবি, দেশটির ভেতরে বিভিন্ন হামলা চালাতে ইউক্রেনীয় গুপ্তচরেরা টেলিগ্রাম ব্যবহার করছে।
তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন পাভেল দুরভ। তাঁর দাবি, কনটেন্ট নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে টেলিগ্রাম তার ওপর অর্পিত দায়িত্বের চেয়েও বেশি ভূমিকা রেখেছে।