গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি (জোড় পুকুরপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা পুলিশ বা ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি। বাড়িতে আগুন দেওয়া হলেও পাশের আটতলা ভবনটি অক্ষত রয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, তদন্ত চলছে। প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছিল। তাঁরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
জুলাই অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আ ক ম মোজাম্মেল হক পলাতক রয়েছেন।