বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

ককটেল বিস্ফোরণের মামলায় সাঈদ খোকনের আইনজীবী কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ককটেল বিস্ফোরণের মামলায় সাঈদ খোকনের আইনজীবী কারাগারে
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাসের আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। একই মামলায় ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয ইসলাম (১৯) নামের আরও দুজনকেও কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সাঈদ খোকনের পক্ষে আদালতে দাঁড়াবেন জানতে পেরে গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের পর আইনজীবী শামীমকে মারধর করে পুলিশে দেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তপু নাসরিন আদালতে মঙ্গলবার আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) একই আদালতে বাবুল আক্তার নামের এক আসামির জামিন শুনানি করেছিলেন তাঁরা। পরে সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানি করতে গেলে বহিরাগতরা মব করে। ওই ঘটনায় তিনিও হেনস্তার শিকার হয়েছেন।

নিজে আইনজীবী হওয়ায় আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন শামীম আল সাইফুল সোহাগ। তিনি বলেন, সাবেক মেয়র সাঈদ খোকনের মামলায় শুনানি করতে গেলে সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ রেখে মারধর করা হয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়ে আদালতে শামীম বলেন, ‘আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিলো আসামি। আমি একজন আইনজীবী, আমি কেন বোমাবাজি করব? আদালত এলাকায় বোমা নিক্ষেপের বিষয়ে আমি কিছু জানি না। আমি জামিন পাওয়ার হকদার।’

শামীমের জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, তিনি দিনে ফ্যাসিস্টের পক্ষে ওকালতি করেন, রাতে বোমাবাজি করেন, গাড়িতে আগুন দেন, ভাঙচুর করেন। তাদের নির্দেশেই বোমা নিক্ষেপ করা হয়েছে। আসামি সোহাগ এ ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে।

উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, সিএমএম আদালতের সামনে বোমা নিক্ষেপের মামলা সন্ত্রাসবিরোধী আইনের ধারায় হওয়ায় সাধারণ বিবেচনায় জামিন দেওয়া যায় না। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।

পরে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।