রাজধানীতে মেট্রোরেলের চলমান রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। বুধবার জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা দেখেছি, বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলোতে যাতে দ্রুত কাজ শেষ করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
“শুধু তাই নয়, সাধারণ মানুষের যাতায়াতের আরো সুবিধার জন্য মনোরেলের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি।”
মনোরেলের সম্ভাব্য সুবিধা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “মনোরেলের বিষয়টি হচ্ছে যে মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে।… ছোট ছোট পাড়ার মধ্যে যেমন- মোহাম্মদপুরের ভেতরের দিকে বলেন, ধানমন্ডির ভেতর দিকে বলেন, সেটি সবুজবাগের ভেতরের দিকে বলেন…মনোরেল যেতে পারবে।
“আমরা মনে করি যদি এই মনোরেলটি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে সাধারণ মানুষ যাতায়াতের আরও সুবিধা হবে।”
এ সময় রাজধানীর যানজট নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল বসানোর অগ্রগতির কথাও জানান সরকারপ্রধান। তিনি বলেন, “ঢাকা শহরের ৫০ পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। আপনারা যদি ঢাকা শহরে যখন চলাচল করেন, তখন যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নতুন সিগন্যল লাইট বসানো হয়েছে, ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো শুরু করেনি কাজ করা। আমরা আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।
“এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যেই যানজট আছে, ট্রাফিক জ্যাম আছে, সেটি আরও বেটার হবে। চলাচল উপযুক্ত হবে, মানুষের জন্য সুবিধা হবে। একইসঙ্গে যানজট ইনশাআল্লাহ তুলনামূলক অনেক কমে আসবে।”
বিশ্বের অন্যান্য বড় শহরের যানজট পরিস্থিতির সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, “পৃথিবীর যেকোনো বড় রাজধানী জনবহুল যেকোনো জায়গায় আমরা সবসময় দেখেছি, দুটো সময় রাস্তায় কিছুটা ট্রাফিক জ্যাম থাকে। একটি হচ্ছে সকালে অফিস বা স্কুলের সময় যখন শুরু হয়। একইসঙ্গে আবার স্কুল বা অফিস যখন ছুটি হয়। এই দুটো সময় দুই-তিন ঘণ্টা, চার ঘণ্টার মত জ্যাম যেকোনো পৃথিবীর বড় শহরে থাকে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশেও একইভাবে পরিলক্ষিত হচ্ছে।
“তারপরেও মাননীয় স্পিকার আমরা চেষ্টা করছি সেটাও যাতে কম করা সম্ভব হয়, যতটুকু সম্ভব ট্রাফিক ব্যবস্থা উন্নতি করা যায়।”
গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।