বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

মাইক্রোসফট থেকে এনএসএ, এক সপ্তাহে প্রযুক্তি খাতে ধারাবাহিক বিভ্রাটের নেপথ্যে কী

গত এক সপ্তাহে বিশ্বের একাধিক বড় প্রতিষ্ঠানের প্রযুক্তিসেবায় বিভ্রাট দেখা দিয়েছে। মাইক্রোসফট, যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এফএএ, দেশটির কয়েকটি বড় ব্যাংক, ইউনাইটেড এয়ারলাইনস, অ্যাপল, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং আর্থিক প্রতিষ্ঠান চার্লস শোয়াব—সব কটিই কোনো না কোনোভাবে এই সমস্যার মুখে পড়েছে। একই সময়ে নরওয়ের জ্বালানি প্রতিষ্ঠান ইকুইনর জানিয়েছে, তাদের কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা চলছে।

মাইক্রোসফট থেকে এনএসএ, এক সপ্তাহে প্রযুক্তি খাতে ধারাবাহিক বিভ্রাটের নেপথ্যে কী
ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে বিশ্বের একাধিক বড় প্রতিষ্ঠানের প্রযুক্তিসেবায় বিভ্রাট দেখা দিয়েছে। মাইক্রোসফট, যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এফএএ, দেশটির কয়েকটি বড় ব্যাংক, ইউনাইটেড এয়ারলাইনস, অ্যাপল, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং আর্থিক প্রতিষ্ঠান চার্লস শোয়াব—সব কটিই কোনো না কোনোভাবে এই সমস্যার মুখে পড়েছে। একই সময়ে নরওয়ের জ্বালানি প্রতিষ্ঠান ইকুইনর জানিয়েছে, তাদের কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা চলছে।

ঘটনার শুরু ১২ নভেম্বর মাইক্রোসফট ৩৬৫-এর সেবায় বিভ্রাটের মধ্য দিয়ে। পরদিন ১৩ নভেম্বর সমস্যায় পড়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ১৬ নভেম্বর জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা ও ওয়েলস ফার্গোর গ্রাহকেরা অনলাইন সেবায় সমস্যার কথা জানান। একই দিনে ইউনাইটেড এয়ারলাইনসের সেবাতেও বিভ্রাট দেখা দেয়।

১৭ নভেম্বর তালিকায় যুক্ত হয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ), অ্যাপলের বিভিন্ন সেবা এবং ১৩ লাখ কোটি ডলারের বেশি গ্রাহক-সম্পদ দেখভালকারী আর্থিক প্রতিষ্ঠান চার্লস শোয়াব। শোয়াবের ক্ষেত্রে অবশ্য সমস্যাটি ছিল স্বল্পস্থায়ী; তাদের ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছিল। একই দিনে নরওয়ের জ্বালানি প্রতিষ্ঠান ইকুইনর জানায়, তাদের কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা চলছে। প্রতিষ্ঠানটি ইউরোপের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু ইকুইনরই সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। অন্য প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের বিভ্রাটের সঙ্গে সাইবার হামলার সম্পর্ক নেই। প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ সমস্যার কারণ জানিয়েছে। তবে ঘটনাগুলো পাশাপাশি রাখলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ছয়টি বড় বিভ্রাটের চারটিই ঘটেছে সিস্টেম আপডেট, রক্ষণাবেক্ষণ অথবা নতুন যন্ত্রপাতি স্থাপনের সময়।

মাইক্রোসফটের সেবায় বিভ্রাট

মাইক্রোসফটের সেবায় বিভ্রাট শুরু হয় বাংলাদেশ সময় ১২ নভেম্বর রাত ১১টা ৩২ মিনিটে। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ২৪ ঘণ্টার বেশি সময় আউটলুক, টিমস ও ওয়ার্ড ৩৬৫ অনলাইন ব্যবহার করা যায়নি।

মাইক্রোসফট জানায়, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর কাজের সময় নতুন একটি কারিগরি ত্রুটি দেখা দেয়। কিছু সার্ভার স্বয়ংক্রিয় পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় সেগুলোর চাপ গিয়ে পড়ে সচল সার্ভারগুলোর ওপর। বাড়তি চাপ সামলাতে না পেরে একপর্যায়ে সেগুলোও সাড়া দেওয়া বন্ধ করে দেয়।

১৫ নভেম্বর গ্রাহকদের দেওয়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনে মাইক্রোসফট জানায়, মূল ত্রুটিটি ছিল জুলাইয়ে নেটওয়ার্ক গেটওয়ে সার্ভারের একটি আপডেটে। এত দিন বিষয়টি ধরা পড়েনি। এর সঙ্গে যুক্ত হয়েছিল টিমসে বাড়তি চাপ এবং সার্ভারের কম সক্ষমতা।

একটি রাউটারের সমস্যায় যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ

১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে তিনটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত দেশটির কোনো বিমানবন্দর থেকে ফ্লাইট ছাড়েনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর এটিই ছিল যুক্তরাষ্ট্রজুড়ে সবচেয়ে দীর্ঘ সময় ফ্লাইট বন্ধ থাকার ঘটনা।

এফএএ তাদের ওয়েবসাইটে জানায়, আরকানসাসের এল ডোরাডোতে সংস্থাটির একটি রেডিও স্থাপনায় ঠিকাদারি প্রতিষ্ঠান এল৩ হ্যারিস নতুন রাউটার বসাচ্ছিল। এ সময় এফএএর টেলিযোগাযোগ নেটওয়ার্কে বিপুল পরিমাণ তথ্য প্রবেশ করতে থাকে। ফলে পুরোনো যন্ত্রপাতি অস্থিতিশীল হয়ে পড়ে। টেক্সাসের একটি রাডার স্থাপনাও এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। ওই দুই স্থানের সংযোগ বিচ্ছিন্ন করার পর নেটওয়ার্ক স্বাভাবিক হয়।

এই বিভ্রাটের কারণে সেদিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল হয়। তবে এফএএ জানিয়েছে, সব ফ্লাইট বাতিলের সঙ্গে এই ঘটনার সরাসরি সম্পর্ক নেই। সংস্থাটি আরও জানায়, সাইবার হামলার কোনো ইঙ্গিত তারা পায়নি। এ ঘটনার পর ট্রাম্প প্রশাসন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিক করতে ৫ হাজার কোটি ডলার চেয়েছে।

ব্যাংক, এয়ারলাইনস ও অ্যাপলের সেবা

জেপি মরগান চেজ জানিয়েছে, তাদের হার্ডওয়্যার ব্যবস্থায় সফটওয়্যারজনিত ত্রুটির কারণে লেনদেনে দেরি হয়েছে। এর সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই। ব্যাংকটির মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, অন্য ব্যাংকের গ্রাহকেরা শুধু চেজের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেই সমস্যায় পড়েছেন।

ইউনাইটেড এয়ারলাইনস তাদের সেবায় বিভ্রাটের কারণ জানায়নি। তবে প্রতিষ্ঠানটি বলেছে, সাইবার নিরাপত্তাসংক্রান্ত কোনো ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি। যেদিন সমস্যা দেখা দিয়েছিল, সেদিনই তা সমাধান করা হয়।

অ্যাপলের বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, গ্রিস, লাটভিয়াসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আইক্লাউড, অ্যাপ স্টোর ও অ্যাপল ওয়ালেটসহ কয়েকটি সেবা ব্যবহার করতে পারেননি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, অভ্যন্তরীণ একটি আপডেটের কারণে এই বিভ্রাট হয়েছিল।

এনএসএতে প্যাচ দেওয়ার পরও চালু হয়নি কিছু ব্যবস্থা

১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর অভ্যন্তরীণ নেটওয়ার্কে বিভ্রাট দেখা দেয়। অচল হয়ে পড়ে সংস্থাটির কিছু অভ্যন্তরীণ ব্যবস্থা। এনএসএ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িক এই সমস্যা হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ কাজ পরিচালনার সক্ষমতা পুরোপুরি সচল ছিল।

সেদিনই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ত্রুটি শনাক্ত হওয়ায় অনেক প্রতিষ্ঠান ‘প্যাচ’ দিচ্ছে, অর্থাৎ ত্রুটি সারাতে প্রয়োজনীয় আপডেট করছে। এ জন্য সিস্টেম বন্ধও রাখতে হচ্ছে। কিন্তু প্যাচ দেওয়ার পর কিছু সিস্টেম প্রত্যাশা অনুযায়ী চালু হচ্ছে না। এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে কাজ হস্তান্তরও ঠিকভাবে হচ্ছে না। এনএসএতেও এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

ক্লেটন বলেন, তাঁরা এটিকে সমন্বিত সাইবার হামলা বা কোনো রাষ্ট্রের মদদে হামলার লক্ষণ হিসেবে দেখছেন না। তবে কোন ত্রুটি সারাতে এই প্যাচ দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। গত মাসেই পিএইচপির একটি বড় ত্রুটি নিয়ে এনএসএ নিজেই সতর্ক করেছিল।

পিএইচপির ত্রুটির প্রভাব বাংলাদেশেও

পিএইচপি একটি প্রোগ্রামিং ভাষা, যা মূলত ওয়েবসাইটের সার্ভারে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট এই ভাষার ওপর নির্ভরশীল। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপিতে একটি গুরুতর ত্রুটি খুঁজে পান। এক দশকের বেশি সময় ধরে ত্রুটিটি শনাক্ত হয়নি।

২১ অক্টোবর পিএইচপি ব্যবহারকারী সব প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেয় এনএসএ। সংস্থাটি জানায়, দ্রুত ত্রুটি সারানো সম্ভব না হলে আক্রান্ত সিস্টেম বন্ধ রাখতে হবে। কারণ, এই ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা সরাসরি ডেটাবেসে প্রবেশ করতে পারে।

এরপর বিশ্বজুড়ে কয়েক শ ওয়েবসাইট বন্ধ রাখা হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশেও। ২২ অক্টোবর সরকারের সাইবার নিরাপত্তা দল বিজিডি ই-গভ সার্ট জরুরি সতর্কবার্তা দেয়। সেদিন নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখে বাংলাদেশ ব্যাংক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অগ্রণী, জনতা ও আইএফআইসিসহ আরও কয়েকটি ব্যাংকও ওয়েবসাইট বন্ধ রাখে। বন্ধ হয়ে যায় ভূমি সেবার ই-নামজারি ওয়েবসাইটও, যা প্রতি মাসে প্রায় তিন লাখ মানুষ ব্যবহার করেন।

সব বিভ্রাটের কারণ কি একই?

সব কটি বিভ্রাটের পেছনে একই কারণ রয়েছে—এমন দাবি কোনো প্রতিষ্ঠান করেনি। প্যাচ দেওয়ার সঙ্গে বিভ্রাটের সরাসরি সম্পর্কের কথা সরকারিভাবে বলা হয়েছে শুধু এনএসএর ক্ষেত্রে। মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, তাদের সমস্যার মূল ত্রুটি জুলাইয়ের, অর্থাৎ পিএইচপির ত্রুটি শনাক্ত হওয়ার অনেক আগের। এফএএর বিভ্রাট ঘটেছে নতুন যন্ত্র বসানোর সময়। আর জেপি মরগান চেজ জানিয়েছে, তাদের সমস্যার কারণ সফটওয়্যারের ত্রুটি। এফএএর ঘটনার তদন্ত এখনো চলছে। মাইক্রোসফটের প্রতিবেদনও প্রাথমিক; পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে আরও কিছুদিন লাগতে পারে।

ইকুইনরের ঘটনা অবশ্য অন্যগুলোর চেয়ে আলাদা। প্রতিষ্ঠানটি নিজেই জানিয়েছে, তাদের কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা চলছে। হামলা ঠেকাতে প্রয়োজনীয় লোকবল কাজে লাগানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হচ্ছে। তবে তথ্য চুরির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তেল ও গ্যাস উৎপাদনেও এর প্রভাব পড়েনি। হামলার পেছনে কারা দায়ী, তা প্রতিষ্ঠানটির বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

প্রতিষ্ঠানগুলোর দেওয়া আনুষ্ঠানিক ব্যাখ্যার পরও ফেসবুক ও এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক বিভ্রাটগুলো নিয়ে উদ্বেগ দেখা গেছে। এক্সের ডেভেলপার প্ল্যাটফর্মের সাবেক পণ্য ও রাজস্ব বিভাগের প্রধান ক্রিস পার্ক এক পোস্টে লিখেছেন, ‘এগুলোকে এখন বেশ পরিকল্পিত ও সমন্বিত কাজ বলে মনে হচ্ছে। আমি এগুলোকে সাধারণ আপডেট বা কারিগরি ত্রুটি মনে করছি না।’

ফক্স নিউজের এক্স পোস্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, মার্কিনিরা এসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন। তবে তিনি জানিয়েছেন, ঘটনাগুলোর মধ্যে কোনো সংযোগের প্রমাণ নেই।

নিউইয়র্ক টাইমসের সাইবার নিরাপত্তাবিষয়ক সাংবাদিক নিকোল পার্লরথ জানিয়েছেন, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে কি না, তা জানতে চেয়ে তাঁকে শত শত বার্তা পাঠানো হচ্ছে। তবে তিনি লিখেছেন, ‘যতটা শুনছি, এগুলো অগোছালো আপডেটের ফলাফল ছাড়া আর কিছু নয়।’