গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, ‘পলাতক নেত্রী’ গণতান্ত্রিক জনগণের বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি তাঁদের হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা সকলের জানা। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আমরা সমগ্র দেশবাসী তা জেনেছি। গণতান্ত্রিক জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশও দিয়েছেন।”
তারেক রহমানের ভাষ্য, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে, তারা কোনো ‘রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এসব ‘সন্ত্রাসী’ দেশে-বিদেশে আবারও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির নেতা নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাদের সঙ্গে আচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনা তার উদাহরণ।
এ ক্ষেত্রে ভারতের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক জনগণের পাশে নেই; বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।”
তিনি বলেন, “দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় জনগণ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণ ২৪-এর গণঅভ্যুত্থানও ঘটায়নি কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। একইভাবে ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছে।
পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন এবং কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের সমস্যা ও পোশাকশিল্পের সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই ন্যূনতম মজুরি বোর্ড নতুন মজুরি ঘোষণা করবে।
প্রধানমন্ত্রী বলেন, “গত ৫০ বছর ধরে এ দেশের শ্রমিক এবং মালিক ধীরে ধীরে গার্মেন্ট শিল্পকে একটি সমৃদ্ধ শিল্প হিসেবে গড়ে তুলেছে। গার্মেন্ট শিল্পে কর্মরত আমাদের শ্রমিক ভাই-বোনদের সমস্যা-সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে ওয়াকিবহাল।”
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশে পলাতক একটি শক্তির উসকানিতে’ কেউ কেউ কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন। এতে তাঁদের নিজেদের কর্মস্থলের ক্ষতি হচ্ছে।
“যদি নষ্টই করে ফেলেন, তাহলে ভাই বা বোন, আপনার বেতনটি আসবে কোথা থেকে? কীভাবে আসবে বেতন,” প্রশ্ন রাখেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘পলাতক চক্র’ দেশের মানুষের অর্থ-সম্পদ লুটে বিদেশে আরাম-আয়েশে দিন কাটাচ্ছে। অথচ কারখানা ধ্বংস হলে শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবেন।
শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তিলে তিলে আপনারা এই শিল্পকে গড়ে তুলেছেন। সেজন্য কোনো প্রকার উসকানিতে দয়া করে আপনারা পা দেবেন না। নিজেদের হেফাজত করুন। একই সঙ্গে নিজেদের কর্মস্থল, যেটি আপনাকে আহার দেয়, সেই কর্মস্থলকেও হেফাজত করুন।”
সমাপনী বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী চতুর্থ অধিবেশনের কার্যক্রম পরিচালনায় সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কোনো কোনো বিষয়ে সবাই একমত হয়েছেন, আবার কিছু বিষয়ে মতপার্থক্যও ছিল।
“গণতন্ত্রের এটাই বৈশিষ্ট্য। তবে দেশ ও জনগণের স্বার্থে আমরা সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে যাব।”
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের নির্বাচিত সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সেগুলোর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
সরকার গঠনের পর নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস, বিভিন্ন ধর্মীয় ব্যক্তির সম্মানী, বিদেশে কর্মসংস্থান, বন্ধ কারখানা চালু এবং বিনিয়োগের পরিবেশ তৈরির উদ্যোগের কথা বলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) বাংলাদেশে অর্থায়নের সুযোগ নিয়েও কথা বলেন সরকারপ্রধান।
এর আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সমাপনী বক্তব্য দেন। বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতির আসনে বসেন।
মন্ত্রীদের প্রশ্নোত্তর ও আইন প্রণয়ন কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে রাষ্ট্রপতির পাঠানো অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান স্পিকার।