বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

বনশ্রীতে শিশুহত্যার মামলায় মায়ের তিন দিনের রিমান্ড

রাজধানীর বনশ্রীতে সাড়ে চার বছরের মেয়ে আসফিয়া জাহান নূরকে শ্বাসরোধে হত্যার অভিযোগে করা মামলায় তার মা মেহেরুন নেছাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত।

বনশ্রীতে শিশুহত্যার মামলায় মায়ের তিন দিনের রিমান্ড

রাজধানীর বনশ্রীতে সাড়ে চার বছরের মেয়ে আসফিয়া জাহান নূরকে শ্বাসরোধে হত্যার অভিযোগে করা মামলায় তার মা মেহেরুন নেছাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মমিনুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই শাহাদাত হোসেন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। এসআই মমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার বিকেলে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই শিশুটির বাবা আশরাফুল হক রামপুরা থানায় হত্যা মামলা করেন। রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার করা হয় মেহেরুন নেছাকে।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালে আশরাফুল ও মেহেরুনের বিয়ে হয়। গত দেড় থেকে দুই মাস ধরে মেহেরুন স্বামীকে জানাচ্ছিলেন, তিনি আর সংসার করতে চান না। বিচ্ছেদ চেয়ে কাবিনের টাকার জন্য স্বামীকে চাপ দিচ্ছিলেন। বিষয়টি দুই পরিবারের সদস্যরা সমাধানের চেষ্টা করলেও মেহেরুনের পরিবারের সদস্যরা ‘তালবাহানা’ শুরু করেন।

আশরাফুল পল্টনের পলওয়েল মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করেন। এজাহারে অভিযোগ করা হয়, প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি কাজে যান। বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরুন তাঁকে ভয়েস বার্তা পাঠিয়ে মেয়েকে মেরে ফেলার কথা বলেন। নিজেও মারা গিয়ে আশরাফুলকে ফাঁসানোর কথা বলেন তিনি।

বিষয়টি মেহেরুনের ভাই সিজান শেখকে জানিয়ে তাঁকে বাসায় পাঠান আশরাফুল। পরে বাসায় গিয়ে সিজান শিশুটির মৃত্যুর খবর আশরাফুলকে জানান। এরপর পুলিশ নিয়ে বাসায় যান তিনি।