বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক রিমান্ড আবেদনে বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া পরবর্তী পরিকল্পনা, পলাতক আসামিদের অবস্থান ও তাঁদের গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত এবং তাঁকে আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ দরকার।
আবেদনে আরও বলা হয়, তাঁদের বর্তমান আস্তানা এবং কোথায় সভা-আলোচনা করেন, সে বিষয়েও তথ্য জানার প্রয়োজন রয়েছে।
শুনানির জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ডে নেওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবু সাইদ সাগর রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বরে।