বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে মো. ফরহাদ (৪১) নামের ওই কয়েদিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে মো. ফরহাদ (৪১) নামের ওই কয়েদিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, ফরহাদ টাঙ্গাইল সদর উপজেলার শালিনাপাড়া গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।

তিনি বলেন, রোববার যথাসময়ে কয়েদিদের গণনা শেষে কারাগারের লকার করা হয়। হিমেল ভবনের নিচতলার একটি সেলে ফরহাদসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন বন্দি ছিলেন। তাঁরা রাতে একই সেলে ঘুমিয়ে ছিলেন। ফরহাদ ছিলেন মাঝখানে।

জেল সুপারের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে অপর দুই বন্দির একজন প্রস্রাব করতে উঠে সেলের জানালায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফরহাদকে দেখতে পান। পরে তিনি বিষয়টি অন্য বন্দিকে জানান।

খবর পেয়ে কারা কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, ফরহাদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে তাঁর স্বজনেরা কারাগারে এসেছেন।

২০১৯ সালের ২৬ আগস্ট ফরহাদকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর ধরে তিনি তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রমসহ বেশ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর আগে একাধিকবার কারা হাসপাতালে তাঁর চিকিৎসাও হয়েছিল।