বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিস, টুঙ্গিপাড়ার বাড়ি ‘সাব-জেল’ করার প্রস্তাব

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুনের পাঠানো আইনি নোটিস সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা ও সম্ভাব্য আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিস, টুঙ্গিপাড়ার বাড়ি ‘সাব-জেল’ করার প্রস্তাব
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারকে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা সুরক্ষা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক বৈরিতা পরিহার এবং দেশে আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে কূটনৈতিক উপায়ে তাকে ফেরত আনার কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে ওই নোটিসে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নোটিস প্রেরণ করেন।

আইনি এই নোটিসে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়। তবে ভারতের মাটিতে অবস্থান করে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এরই মাঝে গত জুলাই মাসে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে চলতি বছরের ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন তিনি। ওই বক্তব্যের প্রায় চার মাস পর গত ৯ নভেম্বর রয়টার্সের অপর এক প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও এই আবেদনের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে অন্তর্বর্তী ও বর্তমান প্রশাসন বরাবরই বিচারের মুখোমুখি করার জন্য তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের সম্মুখীন হলেও প্রতিবারই বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসানের পাঠানো নোটিসে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে সরকারপ্রধানের দায়িত্ব পালন করার সুবাদে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা কাঠামো, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট অত্যন্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘমেয়াদি অবস্থানের ফলে এসব রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশি সংস্থার হাতে চলে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হতে পারে।
নোটিসে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত টানা হয়েছে। সেসব ঘটনার পরবর্তী আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপট উল্লেখ করে নোটিসে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্ভাব্য বৈরিতা কিংবা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনা জরুরি।

প্রচলিত প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা পাশ কাটিয়ে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নোটিসে সাতটি সুনির্দিষ্ট আইনি ও প্রশাসনিক পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের আওতায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরি করে পরবর্তীতে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস ইস্যু করে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড উড়োজাহাজে কঠোর পুলিশি পাহারায় তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শও রয়েছে নোটিসে।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী প্রস্তাব করেছেন, শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখার আগেই প্রচলিত কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তার পৈতৃক বাসভবনটিকে একটি বিশেষ সাব-জেল হিসেবে ঘোষণা করা হোক। বিমানবন্দরে অবতরণের পর পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সরাসরি সেখানে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

নোটিসে আরও বলা হয়েছে, আইনি হেফাজতে আসার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ নম্বর ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে তার আপিল দায়ের করার আইনি সুযোগ বিদ্যমান রয়েছে। এ ছাড়া অন্যান্য আদালতে চলমান মামলাগুলোর ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, নোটিস প্রাপ্তির ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে জানাতে বিবাদীদের অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সাড়া না পাওয়া গেলে উচ্চ আদালতে প্রতিকার চেয়ে রিট আবেদন দায়ের করা হবে।