মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৬ হাজার টাকার মধ্যে রাখার পক্ষে মালিকদের মত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কত প্রস্তাব করা হবে, তা চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন কারখানার মালিকরা। উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া মতামতে অধিকাংশই নতুন মজুরি সর্বোচ্চ সাড়ে ১৫ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে রাখার পক্ষে মত দিয়েছেন।

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৬ হাজার টাকার মধ্যে রাখার পক্ষে মালিকদের মত
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কত প্রস্তাব করা হবে, তা চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন কারখানার মালিকরা। উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া মতামতে অধিকাংশই নতুন মজুরি সর্বোচ্চ সাড়ে ১৫ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে রাখার পক্ষে মত দিয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি ভবনে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর এক পরিচালক।

তিনি জানান, গত কয়েক দিন ধরে কারখানা উদ্যোক্তাদের মতামত সংগ্রহ করা হয়েছে। মালিকপক্ষের প্রস্তাব চূড়ান্ত করতে এখন বিজিএমইএর জ্যেষ্ঠ পরিচালক ও সাবেক নেতারা বৈঠকে বসেছেন।

বিজিএমইএর এক নেতা বলেন, নিম্নতম মজুরির প্রস্তাব নিয়ে ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলকে ভাগ করে কারখানা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন সংগঠনটির পরিচালকরা। একেকজন পরিচালক ১০ থেকে ২০ জন উদ্যোক্তার মতামত নিয়েছেন।

এক কারখানার মালিক বলেন, “মূল্যস্ফীতি ও অর্ডারের (পোশাকের রপ্তানি আদেশ) বিষয়টি বিশ্লেষণ করে বেশিরভাগ মতামত দিয়েছেন সর্বোচ্চ সাড়ে ১৫ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকার মধ্যে রাখতে।”

বিজিএমইএর এক পরিচালক বলেন, “আজ রাতের বৈঠকেই প্রস্তাব চূড়ান্ত করব। সবকিছুকেই বিবেচনায় নিয়ে নতুন মজুরি কত হতে পারে, তা মজুরি বোর্ডকে জানাব।”

পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে হওয়ার কথা রয়েছে। এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছেন বিজিএমইএর একাধিক নেতা।

বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

পরে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। সেটি কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাকশিল্পের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে।

২০২৩ সালে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ বলেন, “সোমবার সকাল ১১টায় বোর্ডের বৈঠক হবে। এটার নোটিস দেওয়া হয়েছে, আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছি।”

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব বলেন, “আমরা আগামীকাল মালিকপক্ষের প্রস্তাব পাব। এরপরে দেখা যাক।”

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি, বিজিএমইএর পরিচালক ও হান্নান ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম সামছুদ্দিন বলেন, “আগামীকালের মধ্যে প্রস্তাব দেওয়ার শেষ সময়। আমরা আলোচনা করছি। এই সময়ের মধ্যে একটা প্রস্তাব আমরা দিতে পারব।”