পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির তিনটি আদালতের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন। সোমবার খোলা চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমান শারীরিক অবস্থায় তিনি হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।
ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা চিঠিটি প্রকাশ করেন তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার। ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন তিনি।
চিঠিতে ইমরান লেখেন, নির্জন কারাকক্ষ থেকে তিনি এ আবেদন জানাচ্ছেন। যাঁদের চিকিৎসার সামর্থ্য নেই, তাঁরা যেন বিনা মূল্যে চিকিৎসা পান, সে জন্য তিনি সারা জীবন হাসপাতাল গড়েছেন। অথচ এখন নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তাঁকে আবেদন করতে হচ্ছে। ৭০ বছর বয়স পর্যন্ত তাঁর নামে কোনো ফৌজদারি মামলা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
ইমরান দাবি করেন, রাজনৈতিক নিপীড়ন ও হত্যাচেষ্টার শিকার হলেও তিনি সব সময় আইনি পথেই লড়েছেন। তবে সাংবিধানিক সংশোধনীর পর আদালতের কাছ থেকে প্রতিকার পাওয়ার সুযোগ প্রথমে সংকুচিত হয়, পরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
রাষ্ট্রীয় উপহারসংক্রান্ত তোশাখানার দুটি মামলায় ১৭ বছরের কারাদণ্ড হওয়ার পর পরিস্থিতি বদলে যায় বলে চিঠিতে উল্লেখ করেন ইমরান। ২০২১ সালের মে মাসে সৌদি যুবরাজের দেওয়া বুলগারির দামি গয়নার একটি সেট নামমাত্র দামে কেনার অভিযোগে মামলাগুলো করা হয়েছিল। ইমরানের অভিযোগ, এরপর কারা কর্তৃপক্ষ তাঁকে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন সেলে আটকে রাখে।
চিঠিতে নিজের শারীরিক অবস্থার অবনতির কথাও তুলে ধরেছেন তিনি। আদালতের সহায়তাকারী আইনজীবী বা অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পালন করা সালমান সফদার ১০ ফেব্রুয়ারি কারাগারে সাক্ষাৎ করে দেখেন, ইমরানের ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। বিষয়টি তাঁর পরিবার বা আইনজীবীদের জানানো হয়নি বলে অভিযোগ করেন ইমরান।
কারাগারের মেডিক্যাল বোর্ড পরিবার ও স্ত্রীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার পাশাপাশি বই ও টেলিভিশন সরবরাহের পরামর্শ দিয়েছিল। তবে কারা কর্তৃপক্ষ সেসব সুপারিশও বাস্তবায়ন করেনি বলে চিঠিতে দাবি করেন তিনি।
ইমরানের অভিযোগ, কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই স্ত্রীর সঙ্গে তাঁর নির্ধারিত সাপ্তাহিক সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আটক বোনদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। আদালতের আদেশ থাকা সত্ত্বেও তাঁর দুই ছেলে কাসিম ও সুলাইমানকেও ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না। তবে স্ত্রী বুশরার স্বাস্থ্য নিয়ে তিনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর চিকিৎসকেরা গোপনে জটিল অস্ত্রোপচার করে তাঁকে আবার নির্জন কক্ষে পাঠান বলে ইমরান উল্লেখ করেছেন। চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। আরেকটি অস্ত্রোপচার না হলে বুশরা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইমরান।
ইমরান জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাঁকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সেই আদেশ কার্যকর করেনি। নির্জন কারাবাসের কারণে তাঁর রক্তচাপও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে দাবি করেন তিনি।
চিঠিতে ইমরান বলেন, তাঁর রক্তচাপ আগে ১৩০, পরে ১৫০ ও ১৭০-এ উঠেছিল। গত ১০ নভেম্বর তা ১৯২ ও ১৯৩ পর্যন্ত পৌঁছায়। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন। তাঁর হৃদ্যন্ত্র ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও চিকিৎসকেরা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
৭৪ বছর বয়সী ইমরান আশঙ্কা প্রকাশ করে লেখেন, শারীরিক অবস্থা তাঁকে এমন পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে তিনি হয়তো আর জীবিত ফিরতে পারবেন না। তিনি বলেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব।’
মানবিক বিবেচনায় দেরি হওয়ার আগেই সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর এবং তাঁর ও স্ত্রীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি।
ইমরানের দুই ছেলে কাসিম ও সুলাইমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটিকে বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। বাবাকে শিফা হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন সুলাইমান।
২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তাঁর স্ত্রী বুশরা বিবি গ্রেপ্তার হন ২০২৫ সালের ১৭ জানুয়ারি।
ইসলামাবাদ হাইকোর্ট পরিবার, আইনজীবী ও সহযোগীদের সঙ্গে সপ্তাহে দুবার—মঙ্গলবার ও বৃহস্পতিবার—সাক্ষাতের অনুমতি দিয়েছিলেন। তবে কারা কর্তৃপক্ষ সেই সুযোগ সীমিত রেখেছে বলে অভিযোগ রয়েছে। ১৮ আগস্টের আদেশের পর ইমরানকে শিফা হাসপাতালে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ বিষয়ে হাসপাতালের পথে ও বাইরে পিটিআই কর্মীদের তৈরি করা নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করেছেন। তবে দলটি এ অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, বুশরা বিবির ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা তাঁর চোখে পূর্ণবিকশিত ছানি শনাক্ত করে আরেকটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।