জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন ‘দ্য ব্যাটম্যান’ তারকা রবার্ট প্যাটিনসন। অফিসিয়াল চলচ্চিত্র সিরিজে তিনি হবেন বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা।
সোমবার স্থানীয় সময় সকালে অ্যামাজন এ ঘোষণা দেয়। নতুন চলচ্চিত্রে বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে জীবনের অন্যতম বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন প্যাটিনসন।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, "জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তী চরিত্র এবং 007-এর দায়িত্ব পাওয়া জীবনের শ্রেষ্ঠ সম্মান।"
এই চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভূমিকাটি পাওয়াকে স্বপ্ন সত্যি হওয়ার মতো অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন প্যাটিনসন। নতুন দলের সঙ্গে কাজ শুরু করার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
নতুন জেমস বন্ড চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলেনিউভ।
গত মে মাসে বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন চলচ্চিত্রের জন্য অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিল অ্যামাজন এমজিএম স্টুডিওস।