বুধবার, 18 নভেম্বর 2026
সকল বিভাগ

রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে পারে মঙ্গলবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করার পরীক্ষা মঙ্গলবার শুরু হতে পারে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোঝা যাবে, কবে থেকে কেন্দ্রটির বিদ্যুৎ চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে পারে মঙ্গলবার
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করার পরীক্ষা মঙ্গলবার শুরু হতে পারে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোঝা যাবে, কবে থেকে কেন্দ্রটির বিদ্যুৎ চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক কবীর হোসেন সোমবার বলেন, “মঙ্গলবার গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা চালানো হতে পারে।

“পরীক্ষার অংশ হিসাবে কালকে গ্রিডে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। কালকে এটা হবে কিনা, তা অতীতে চালানো পরীক্ষাগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে।”

জাতীয় সঞ্চালন লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করলেই নিয়মিত বিদ্যুৎ সরবরাহ শুরু হবে না বলে ব্যাখ্যা করেন প্রকল্প পরিচালক। তিনি বলেন, “এটা গ্রিড পরীক্ষা-নিরীক্ষার অংশ। ভেতরের কাজ। এই পরীক্ষার পর বোঝা যাবে, কবে চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ যাবে।”

পরীক্ষার প্রক্রিয়া ব্যাখ্যা করে কবীর হোসেন বলেন, “গ্রিড সিনক্রোনাইজেশন হচ্ছে একটা পরীক্ষা। কারণ গ্রিড সিনক্রোনাইজ করলে দেখা যাবে গ্রিডের সঙ্গে নিচ্ছে কিনা, যাকে দিচ্ছি সে নিচ্ছে কিনা। এই পরীক্ষার সময়ও বিদ্যুৎ যাবে। তো এই পরীক্ষা যেহেতু প্রথম যাবে, পাঁচ ঘণ্টার জন্য হোক আর ১০ ঘণ্টার জন্য হোক, তা যাবে। এটা যাওয়ার পরে পরীক্ষা করার পরে বোঝা যাবে, গ্রিডে দেওয়ার উপযোগী কিনা।”

পরীক্ষায় বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের উপযোগী বলে প্রমাণিত হলে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ দেওয়া হবে বলে জানান তিনি।