বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তারেক রহমান। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক। এ সময় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে হবিগঞ্জ সফরের আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন।