রাজধানীতে যানবাহনের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় চার কিলোমিটার থেকে বেড়ে ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর ভাষ্য, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের ফলে যানবাহন চলাচলের গতি বেড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন, আগে রাজধানীতে যানবাহনের গতিবেগ ছিল ঘণ্টায় মাত্র চার কিলোমিটার। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নগরবাসীর যাতায়াত সহজ করতে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের সময় যানবাহনের গতি ঘণ্টায় চার কিলোমিটার ছিল। এখন তা বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। আগের তুলনায় পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে মেট্রোরেল ও মনোরেল নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা দেখেছি, বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলোতে যাতে দ্রুত কাজ শেষ করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শুধু তাই নয়, সাধারণ মানুষের যাতায়াতের আরো সুবিধার জন্য মনোরেলের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি।”
মনোরেলের সম্ভাব্য সুবিধা তুলে ধরে তারেক রহমান বলেন, “মনোরেলের বিষয়টি হচ্ছে যে মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। …ছোট ছোট পাড়ার মধ্যে, যেমন: মোহাম্মদপুরের ভেতরের দিকে বলেন, ধানমন্ডির ভেতর দিকে বলেন, সেটি সবুজবাগের ভেতরের দিকে বলেন… মনোরেল যেতে পারবে।”
গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এই অধিবেশন বুধবার শেষ হয়। প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘটে।