মালয়েশিয়ায় প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তাঁদের যাতায়াতের খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে পেরেছে সরকার। এ ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার থাকবেন বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, “বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়াতে গমন করে। কয়েকদিন আগে আমাদের প্রবাসী ও শ্রম বিষয়ক মন্ত্রী (আরিফুল হক চৌধুরী) জানিয়েছেন যে, মালয়েশিয়াতে আমরা আল্লাহর রহমতে আলোচনার মাধ্যমে সফলভাবে কর্মী প্রেরণে যে সমস্যা ছিল, তার সমাধান করতে সক্ষম হয়েছি। আমরা সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ সেখানে যাওয়ার যে খরচটি লাগে সামান্য কিছু বিষয় আছে এখানে শ্রমিকরা সেই খরচটি ব্যয় করার মাধ্যমে বলা যায় প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে মালয়েশিয়াতে ইনশাল্লাহ পাঠাতে সক্ষম হব।
“এই ১০ হাজারের মধ্যে এক হাজার বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে, ২৪ এর আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছে বা হতাহত হয়েছে এরকম (পরিবারের সদস্যরা) এক হাজার মানুষ আমরা পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কথাবার্তা বলে চেষ্টা করেছি, যারা মালয়েশিয়া যাবেন তাদের যাওয়ার খরচ যাতে সর্বোচ্চ ২ লাখ টাকার ভেতরে থাকে। এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি।”
প্রধানমন্ত্রী জানান, পশ্চিম এশিয়ার অন্যান্য দেশেও কর্মী পাঠানোর ক্ষেত্রে খরচ কমানোর প্রক্রিয়া চলছে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সিন্ডিকেট বা মানুষকে ঠকানোর বিষয়টি প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়। আমরা দেখেছি, কিভাবে তাদের লোকজন এই দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে।
“বেশ কয়েকটি দেশ স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বলা যায় প্রায় বন্ধই রেখেছিল, স্থগিত করে দিয়েছিল অথবা অনেক ক্ষেত্রে ধীর করে দিয়েছিল। সরকার কাজ করছে এসব সিন্ডিকেট যারা মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।”
এদিন ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল সোয়া চারটায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচির প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।
এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও সংসদে প্রশ্ন ওঠে। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাবে তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে।