বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

হামলার পরও স্বাভাবিক হয়নি টুঙ্গিপাড়া থানা, দায়িত্বে নেই পুলিশ সদস্যরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে থানার কার্যক্রম। মঙ্গলবার রাত থেকে কার্যক্রম বন্ধ থাকলেও বুধবার দুপুর পর্যন্ত সেখানে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। থানার বিভিন্ন কক্ষে ছড়িয়ে রয়েছে ভাঙচুর ও আগুনের চিহ্ন। পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার ও কাচের টুকরায় পুরো ভবনটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে।

হামলার পরও স্বাভাবিক হয়নি টুঙ্গিপাড়া থানা, দায়িত্বে নেই পুলিশ সদস্যরা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে থানার কার্যক্রম। মঙ্গলবার রাত থেকে কার্যক্রম বন্ধ থাকলেও বুধবার দুপুর পর্যন্ত সেখানে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। থানার বিভিন্ন কক্ষে ছড়িয়ে রয়েছে ভাঙচুর ও আগুনের চিহ্ন। পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার ও কাচের টুকরায় পুরো ভবনটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে থানায় গিয়ে দেখা যায়, ভবনের প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ থাকলেও তাতে তালা দেওয়া নেই। ভেতরের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষ। সেখানে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব পড়ে আছে। ডিউটি অফিসারের কক্ষের টেবিলে ছড়িয়ে রয়েছে ভাঙা কাচ। একটি ডেস্কটপ কম্পিউটারও ভাঙা অবস্থায় পড়ে আছে।

পাশের হাজতখানার দরজা খোলা এবং দুটি কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখা যায়। ওসির কক্ষের পাশের উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়ের কম্পিউটারগুলোও ভাঙচুর করা হয়েছে। আগুনে পুড়েছে বই, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব। থানার দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই অবস্থা দেখা গেছে। সেখানে পোশাক, তোশক, কম্বল ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দুই এসআই ও নিচতলার দুই পুলিশ সদস্যকে সাধারণ পোশাকে নিজেদের জিনিসপত্র খুঁজতে দেখা যায়।

এক পুলিশ সদস্য বলেন, গতকাল সন্ধ্যার দিকে আটজনকে গ্রেপ্তারের পর এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষুব্ধ লোকজনকে আর নিয়ন্ত্রণ করা যায়নি। তারা থানায় এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এদিকে বেলা তিনটার দিকে পুলিশের দুই সদস্য দুটি ট্রাংক এবং আরেক সদস্য একটি পোড়া মোটরসাইকেল ভ্যানে করে থানা থেকে নিয়ে যান। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল পুলিশের মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

থানায় হামলার সময় বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, থানায় পুলিশের নিজস্ব অস্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র এবং অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্র ছিল। হামলার সময় এসব অস্ত্রের মধ্যে বেশ কিছু নিয়ে যান বিক্ষোভকারীরা। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে কিছু অস্ত্র ফেরত দিয়েছেন। কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। এখন অল্প কয়েকটি অস্ত্র নিখোঁজ থাকতে পারে। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।

থানার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, তা জানতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওসি ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনিও সাড়া দেননি।

গতকাল সন্ধ্যার পর আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা থানায় জড়ো হয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।