রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

অটোরিকশায় মুখে স্প্রে করে তরুণের ১ লাখ ২৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অটোরিকশায় পাশে বসা দুই নারী মুখে স্প্রে করে অচেতন করার পর এক তরুণের কাছ থেকে ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। পরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর রোববার সকালে বাড়ি ফিরেছেন ওই তরুণ।

অটোরিকশায় মুখে স্প্রে করে তরুণের ১ লাখ ২৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অটোরিকশায় পাশে বসা দুই নারী মুখে স্প্রে করে অচেতন করার পর এক তরুণের কাছ থেকে ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। পরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর রোববার সকালে বাড়ি ফিরেছেন ওই তরুণ।

গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মনু মিয়ার মসজিদসংলগ্ন স্থান থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ভুক্তভোগী তরুণের নাম মো. জাবেদ উদ্দিন (২২)। তিনি আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ইদ্রিছ চেয়ারম্যান বাড়ির বরফমিল এলাকার মোহাম্মদ মুসার ছেলে। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

রোববার দুপুরে জাবেদ জানান, তাঁর পরিবারের প্রায় সাত লাখ টাকা ঋণ রয়েছে। সেই ঋণের একাংশ পরিশোধের জন্য তাঁর প্রবাসী বড় ভাই ব্যাংকের মাধ্যমে ১ লাখ ২৭ হাজার টাকা পাঠিয়েছিলেন। চাতরী চৌমুহনী এলাকা থেকে সেই টাকা তুলে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি।

জাবেদের ভাষ্য, অটোরিকশার পেছনের আসনে তাঁর পাশে দুই নারী বসেছিলেন। কিছুদূর যাওয়ার পর তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি অটোরিকশা থেকে লাফ দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওই দুই নারী তাঁকে টেনে ধরে মুখে কিছু একটা স্প্রে করেন। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

জাবেদ বলেন, “হুঁশ ফেরার পর দেখি, আমি হাসপাতালে। আমার সঙ্গে থাকা ১ লাখ ২৭ হাজার টাকাও নেই। পরে বুঝতে পারি, ওই নারীরা টাকাগুলো নিয়ে আমাকে বেহুঁশ অবস্থায় ফেলে গেছেন।”

এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মুজিবুর রহমান জানান, তাঁর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল গতকাল রাতে পূজামণ্ডপে দায়িত্ব পালন শেষে ফিরছিল। পথে সড়কের পাশে মানুষের জটলা দেখে তাঁরা এগিয়ে যান। সেখানে এক তরুণকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জাবেদকে হাসপাতালে আনার সময় তাঁর শরীরে কাঁপুনি ছিল। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুখে কোনো চেতনানাশক স্প্রে করা বা এ ধরনের কিছু খাওয়ানোর কারণে তাঁর এমন অবস্থা হয়ে থাকতে পারে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী রোববার দুপুরে জানান, তাঁরা ঘটনাটি সম্পর্কে শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। এরপরও পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।