শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ব্যক্তিগত গাড়ির চাপায় মো. শাহজালালী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া ‘বেঙ্গল সিগনেচার’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় তাঁর গাড়ির ধাক্কায় এক নারী পথচারী সড়কের পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আরও দুই রিকশাচালককে চাপা দেন। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শাহজালালীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান বলেন, হাসপাতালে তিনজন চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। আহত বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত রিজনকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো মামলা হয়নি। প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।